ছদ্মবেশে পানমশলায় শাহরুখ, অজয় ও টাইগার : এফডিএর নোটিস!
'বিমল এলাচ' (Vimal Elaichi)-এর বিজ্ঞাপনে অংশ নিয়ে ছদ্মবেশে নিষিদ্ধ পানমশলার পরোক্ষ প্রচার (Surrogate Advertising) চালানোর অভিযোগে বলিউড তারকা শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে শোকজ় (কারণ দর্শানোর) নোটিস পাঠাল মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। বিজ্ঞাপনে এলাচের কথা বলা হলেও, এটি মূলত নিষিদ্ধ পানমশলা ব্র্যান্ডেরই একটি পরোক্ষ বিপণন কৌশল বলে জানিয়েছে সংস্থাটি।
মহারাষ্ট্র এফডিএ-র কমিশনার তুকারাম মুণ্ডের নেতৃত্বে চলা তামাক ও গুটখাবিরোধী বিশেষ অভিযানের অধীনে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজ্ঞাপনের ধরন, সংলাপ ও ব্র্যান্ড নাম সরাসরি নিষিদ্ধ তামাকজাত পণ্যের দিকে ইঙ্গিত করে, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
খাদ্য নিরাপত্তা আইন (FSS Act, 2006)-এর ধারা 30(2)(a) অনুযায়ী ২০২৬ সালের ১৩ জুলাই প্রকাশিত সরকারি আদেশে মহারাষ্ট্রে গুটখা ও পানমশলার উৎপাদন, পরিবহন, মজুদ ও বিক্রি এক বছরের জন্য পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।
তিন তারকাকে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে। একইসঙ্গে সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মাধ্যম থেকে সম্পর্কিত সমস্ত প্রচারমূলক কনটেন্ট অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।