‘সাজন’-এর শুটিংয়ে মাধুরীর ক্লোজআপে সঞ্জয়!
নয়ের দশকের অন্যতম ব্লকবাস্টার রোম্যান্টিক ছবি ‘সাজন’। সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত এবং সলমন খান অভিনীত এই ছবির গল্পের পাশাপাশি সেই সময়ে সঞ্জয় ও মাধুরীর সম্পর্কের গুঞ্জন নিয়েও বলিপাড়ায় কম চর্চা হয়নি। বহু বছর পর সেই সময়ের অভিজ্ঞতা ও সেটের পেছনের স্মৃতি নিয়ে মুখ খুলেছেন ছবির পরিচালক ও চিত্রগ্রাহক লরেন্স ডি’সুজা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে লরেন্স জানান, ‘সাজন’ ছবির শুটিং চলাকালীন গোটা ইউনিট কাজের চাপে এতটাই ব্যস্ত ছিল যে তারকাদের ব্যক্তিগত সম্পর্ক বা বিজল্পনা নিয়ে সেটে কেউ মাথা ঘামানোর সময় পাননি। তবে একটি বিষয় তাঁর নজর এড়ায়নি— মাধুরীর ক্লোজআপ শট নেওয়ার সময়ে সঞ্জয় দত্ত মাঝেমধ্যেই ক্যামেরার ভিউফাইন্ডার দিয়ে তাঁর দিকে তাকিয়ে থাকতেন।
১৯৯৩ সালে সঞ্জয় দত্ত গ্রেফতার হওয়ার পর মাধুরীর সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘটে এবং মাধুরীর পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি বলে খবর ছড়িয়ে পড়ে। এই প্রসঙ্গে পরিচালক জানান, এসব তথ্য তিনি পরবর্তীকালে সংবাদমাধ্যম থেকেই জেনেছেন। ব্যক্তিগতভাবে তাঁর কাছে এ বিষয়ে আলাদা কোনো তথ্য ছিল না।
অন্যদিকে, ১৯৯৩ সালে দেওয়া এক পুরোনো সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত নিজেই মাধুরীর সঙ্গে সম্পর্কের জল্পনা নিয়ে কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, সেই সময়ে মাধুরী কেনিয়ায় ‘খেল’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন এবং সংবাদমাধ্যমের খবরের কারণে কোনো দোষ না থাকা সত্ত্বেও তাঁকে নানা অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। পরবর্তীতে ‘সাজন’-এর সেটে দেখা হলে সঞ্জয় এই নিয়ে মাধুরীর কাছে ক্ষমাও চেয়ে নেন।
সমস্ত পুরোনো অধ্যায় পেরিয়ে ২০১৯ সালে ‘কলঙ্ক’ ছবির মাধ্যমে আবারও পর্দায় একসঙ্গে ফেরেন সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত। ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও, বহু বছর পর এই জনপ্রিয় জুটিকে আবার একসঙ্গে পর্দায় দেখা দর্শক ও সিনেপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছিল।