বিজয়ের স্ত্রীর বিচ্ছেদ মামলা প্রত্যাহার, তৃষার রহস্যময় পোস্ট

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০২:১৮ পিএম
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম
Main News Image

তামিল তারকা তথা রাজনীতিক বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করার পর পরই সমাজমাধ্যমে অভিনেত্রী তৃষা কৃষ্ণনের পর পর দুটি রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড় শুরু হয়েছে নেটপাড়ায়। বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের রটনা ফের নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রহস্যময় বার্তা শেয়ার করে তৃষা লেখেন, “এই বয়সে এই নাটক করা সত্যিই লজ্জাজনক। তার চেয়ে বরং টাকা রোজগার করো এবং শান্তিতে থাকো।” পোস্টটিতে সরাসরি কারও নাম উল্লেখ করা না থাকলেও, নেটিজেনদের একাংশের অনুমান—সঙ্গীতার আইনি পদক্ষেপ প্রত্যাহারের ঘটনার দিকেই ইঙ্গিত করেছেন অভিনেত্রী।

এর কিছুক্ষণ পরেই আরও একটি স্টোরি শেয়ার করেন তৃষা। সেখানে তিনি লেখেন, “এক দিন যে জীবনের প্রার্থনা করেছিলে, সেই জীবনে ডুবে থাকার সৌভাগ্য আর কী হতে পারে!”

সঙ্গীতা বিচ্ছেদের মামলা প্রত্যাহারের মাত্র চার দিনের মাথায় তৃষার এই দুটি বার্তা প্রকাশ্যে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কৌতূহল ও জল্পনা তৈরি হয়েছে। বিজয় এবং তৃষার সম্পর্ক নিয়ে বিনোদন জগতে দীর্ঘদিন ধরে নানামুখী গুঞ্জন থাকলেও, এই পোস্ট বা ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে এখন পর্যন্ত বিজয় বা তৃষা—কাউকেই সরাসরি মুখ খুলতে দেখা যায়নি।