টেলিপাড়ায় মা-ছেলের সম্পর্কের টানাপড়েন
পর্দার আড়ালের এক পরিচিত মা-ছেলের জুটিকে কেন্দ্র করে বর্তমানে উত্তপ্ত হয়ে উঠেছে টেলিপাড়া। ধারাবাহিকের চেনা ছকের বাইরে এই দুই ব্যক্তির ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। তবে সাম্প্রতিক গুঞ্জন অনুযায়ী, এই মা-ছেলের সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে।
শোনা যাচ্ছে, পরিচালকের বৈবাহিক সম্পর্কের টানাপড়েন এবং তাঁর আলোচিত প্রেমকে কেন্দ্র করে মায়ের সঙ্গে তীব্র বিরোধ তৈরি হয়েছে। সম্পর্কের এই অবনতি এমন পর্যায়ে পৌঁছয় যে, সম্প্রতি মায়ের বাড়িতে গিয়ে ভাঙচুর চালিয়ে আসেন ওই পরিচালক— এমনটাই অন্দরের ফিসফাস। এমনকি, তাঁর জীবনের সমস্ত ক্ষতির এবং বিবাহবিচ্ছেদের নেপথ্যে মায়ের হাত রয়েছে বলেই দাবি করেছেন তিনি।
পারিবারিক এই কলহ প্রকাশ্যে আসুক, এমনটা চান না পরিবারের কেউই। এর আগে প্রকাশ্যে মা-ছেলের ঠান্ডা সম্পর্কের তেমন কোনও আঁচ পাওয়া যায়নি। তবে বর্তমান পরিস্থিতির জেরে এই গুঞ্জন এখন টেলিপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে। আগামী দিনে এই বিষয়ে তাঁরা মুখ খুলবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।