অসুস্থ মিঠুন এখন কেমন আছেন?
হাসপাতাল থেকে বাড়ি ফিরে শারীরিক অবস্থা জানালেন 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী। হাতের সফল অস্ত্রোপচারের তিন দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রবীণ অভিনেতা এ রাজনীতিবিদ। অস্ত্রোপচারের পর বর্তমানে তাঁর শারীরিক অবস্থা পুরোপুরি স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। শনিবার হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর চিকিৎসার পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি সুস্থতার খবর জানান অভিনেতা নিজেও।
চিকিৎসকদের সূত্রে জানা গেছে, প্রায় দু’বছর আগে বেঙ্গালুরুতে পড়ে গিয়ে কনুইয়ে মারাত্মক চোট পেয়েছিলেন মিঠুন। সেই সময়ে একটি নামী হাসপাতালে তাঁর কনুইয়ে অস্ত্রোপচার করে একটি প্লেট বসানো হয়েছিল। প্রথম দিকে কোনও অসুবিধা না হলেও, সম্প্রতি সেই প্লেটের সঙ্গে হাতের নড়াচড়ায় সাহায্যকারী একটি স্নায়ুর (নার্ভ) ঘষা লাগতে শুরু করে। এর ফলে ধীরে ধীরে তাঁর হাত অবশ হয়ে আসছিল এবং হাতের শক্তিও কমে যাচ্ছিল।
প্রাথমিকভাবে ওষুধ খেয়ে সমস্যাটি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও গত দুই-তিন মাস ধরে নতুন করে সমস্যা বাড়তে থাকে। এর ফলেই চিকিৎসকদের পরামর্শে কলকাতায় নতুন করে হাতের এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
কলকাতার বেসরকারি হাসপাতালে তিন দিন নিবিড় পর্যবেক্ষণে থাকার পর অস্ত্রোপচার সফল হওয়ায় তাঁকে ছুটি দেওয়া হয়। বর্তমানে তিনি সম্পূর্ণ আশঙ্কামুক্ত এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাড়িতেই বিশ্রামে রয়েছেন।