সালমান খানের নিরাপত্তা কনস্টেবলের মৃত্যু : তদন্তে পুলিশ

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৫:২১ পিএম
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ এএম
Main News Image

সালমান খান। ছবি: সংগৃহীত

সালমান খানের মুম্বইয়ের বাড়ি ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর বাইরে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকা এক পুলিশ কনস্টেবলের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত পুলিশকর্মীর নাম গণেশ রায়তে, বয়স ৪১ বছর। শুক্রবার সন্ধ্যায় কর্তব্যরত অবস্থাতেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক অনুমান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।

সূত্র মারফত জানা গেছে, মৃত গণেশ রায়তে মুম্বই পুলিশের LA-4 ইউনিটের কর্মী ছিলেন এবং সালমান খানের বাসভবনের সুরক্ষায় নিযুক্ত ছিলেন। শুক্রবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ ডিউটিতে থাকা অবস্থায় তিনি শারীরিক অসুস্থতা বোধ করতে শুরু করেন। অসুস্থ বোধ করায় তিনি তৎক্ষণাৎ বিষয়টি সেখানে মোতায়েন থাকা অন্যান্য সহকর্মীদের জানান।

সহকর্মীরা দ্রুত তাঁকে বান্দ্রার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

কঠোর নিরাপত্তার বলয়ে সালমান

গত কয়েক বছর ধরে সালমান খানের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা মেনে চলা হচ্ছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে একাধিকবার প্রাণনাশের হুমকি পাওয়ার পর অভিনেতার নিরাপত্তা বাড়িয়ে 'Y-প্লাস' করা হয়। বিশেষ করে তাঁর বাড়ির বাইরে গুলিচালনার ঘটনা এবং পরবর্তীতে ঘনিষ্ঠ বন্ধু তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর এই সুরক্ষা আরও কড়া করা হয়। Y-প্লাস নিরাপত্তার আওতায় সালমানের সাথে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী থাকার পাশাপাশি সার্বক্ষণিক পুলিশি এসকর্ট থাকে। মৃত কনস্টেবল গণেশ রায়তে সেই নিরাপত্তা দলেরই অংশ ছিলেন।