এক হচ্ছেন কারিনা ও সঞ্জয় লীলা বানসালি?

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৪:২২ পিএম
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ এএম
Main News Image

প্রায় আড়াই দশক পর কি অবসান ঘটতে চলেছে পরিচালক-প্রযোজক সঞ্জয় লীলা বানসালি ও অভিনেত্রী কারিনা কাপুর খানের মধ্যকার দীর্ঘদিনের মান-অভিমানের? বলিউডে জোর গুঞ্জন, অতীতের তিক্ততা ভুলে নতুন প্রজেক্টের জন্য কারিনার দ্বারস্থ হয়েছেন বানসালি। নিজের প্রযোজনায় নির্মিত হতে চলা একটি নতুন ছবিতে প্রধান নারী চরিত্রে তাঁকেই প্রথম পছন্দ হিসেবে চাইছেন তিনি।

২০০০ সালের গোড়ার দিকে বানসালি যখন তাঁর বহুল আলোচিত ‘দেবদাস’ ছবির কাস্টিং করছিলেন, তখন ‘পার্বতী’ চরিত্রের জন্য কারিনা কাপুর খানেরও লুক টেস্ট হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই চরিত্রে নেওয়া হয় ঐশ্বর্যা রাই বচ্চনকে। সে সময় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, এই ঘটনায় নিজেকে প্রতারিত মনে করেছিলেন কারিনা এবং তিনি বানসালির সঙ্গে আর কখনও কাজ না করার সিদ্ধান্ত নেন।

পরবর্তীকালে বানসালি তাঁর ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ ছবির জন্যও কারিনাকে প্রস্তাব দিয়েছিলেন। তবে পেশাগত ব্যস্ততা ও পূর্বনির্ধারিত শিডিউলের কারণে কারিনা ছবিটি ছেড়ে দেন। কারিনার এই সিদ্ধান্তে বানসালি বেশ বিস্মিত হয়েছিলেন বলে জানা যায়। এর পর থেকে আর কোনও প্রজেক্টে তাঁদের একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।

সম্প্রতি ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, বানসালি যে নতুন প্রজেক্টটির কথা ভেবেছেন, সেখানে মূল পুরুষ চরিত্রে দেখা যেতে পারে দক্ষিণী তারকা ধনুষকে। আর তাঁর বিপরীতে নায়িকার চরিত্রে কারিনা কাপুর খানকে নিতে আগ্রহী বানসালি। যদিও এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি, তবে চিত্রনাট্য নিয়ে আগ্রহ দেখিয়েছেন কারিনাও।

ছবিটি বানসালির প্রযোজনায় তৈরি হলেও এটি পরিচালনার দায়িত্বে থাকবেন জনপ্রিয় তামিল পরিচালক পিএস মিত্রন—যাঁকে আগে ‘ইরুম্বু থিরাই’, ‘হিরো’ এবং ‘সর্দার’-এর মতো ছবির পরিচালনায় দেখা গেছে। বর্তমানে ছবিটির চিত্রনাট্য রচনার কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী নভেম্বরে প্রাক্-প্রযোজনার কাজ শুরু হবে এবং ২০২৭ সালের জানুয়ারিতে ছবিটির দৃশ্যধারণ শুরু হতে পারে।