১৯ বছর পর ফিরল শিবম পণ্ডিত: প্রকাশ্যে ‘আওয়ারাপন ২’-এর ট্রেলার

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০২:২৭ পিএম
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ এএম
Main News Image

দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার অবসান ঘটল। অবশেষে মুক্তি পেল বহুল প্রতীক্ষিত ছবি ‘আওয়ারাপন ২’-এর ট্রেলার। প্রযোজনা সংস্থা ‘বিশেষ ফিল্মস’ আবার ফিরিয়ে আনল আইকনিক চরিত্র শিবম পণ্ডিতকে। প্রথম ঝলকেই স্পষ্ট, এই ছবি কেবল পুরনো স্মৃতি ফেরানো নয়। বরং এটি প্রতিশোধ, ক্ষত আর আত্মমুক্তির এক নতুন অধ্যায়।

শিবম পণ্ডিতের চরিত্রে ইমরান হাশমি : দীর্ঘ ১৯ বছর পর আবার শিবম পণ্ডিতের চরিত্রে ফিরেছেন ইমরান হাশমি। ট্রেলারে তাঁকে আরও পরিণত ও বিধ্বস্ত লেগেছে। শরীর ও মনে তিনি বহন করছেন অতীতের প্রতিটি ক্ষতের ভার। ট্রেলারে তাঁর অভিনয় দৃশ্যগুলোকে আরও জীবন্ত করে তুলেছে।

নতুন তারকা ও অভিনয়শিল্পী: ছবিতে শিবমের জীবনে এক নতুন অধ্যায় নিয়ে এসেছেন দিশা পাটানি। ‘জারা’ চরিত্রে তাঁর অভিনয় গল্পে আবেগ যোগ করেছে। অন্যদিকে ‘নাফিসা’ চরিত্রে দেখা যাবে শাবানা আজমিকে। অল্প সময়ের ট্রেলারেও তিনি নজর কেড়েছেন।

এছাড়া ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, পুরণ গাব্বি: জোরাওয়ার, অনিরুদ্ধ রাওয়াল: সিকান্দার, সুরেন্দর ভিকি: জয়দীপ, বিজয়ন্ত কোহলি: মেহমুদ, অতুল কুমার: সমর্থ

ছবি ও ট্রেলারের সঙ্গীত : ‘আওয়ারাপন ২’-এর অন্যতম বড় আকর্ষণ এর গান। ছবির অ্যালবামে একসঙ্গে কাজ করেছেন মিঠুন, জিৎ গাঙ্গুলি, আমাল মালিক, অঙ্কিত সচদেবা ও ওয়াসিফ আহমেদ। ইতিমধ্যেই ‘ভে জুনুন’, ‘ইয়ে আওয়ারাপন’ এবং ‘তো ফির আও’ গানগুলি শ্রোতাদের নজর কেড়েছে।

ট্রেলারের প্রতিটি আবেগঘন মুহূর্তে ব্যাকগ্রাউন্ডে বেজেছে ‘তেরা মেরা রিশতা’ গানটি। সাজ ভাট ও সুবোধ শর্মার কণ্ঠে মিঠুনের সুর করা এই গানটি ট্রেলারের গভীরতা অনেক বাড়িয়ে দিয়েছে।

ছবিটি পরিচালনা করেছেন নিতিন কক্কর এবং চিত্রনাট্য লিখেছেন বিলাল সিদ্দিকি। মুকেশ ভাট ও বিশেষ ফিল্মস প্রযোজিত এই ছবির মূল প্রযোজক বিশেষ ভাট। ভারতে ছবিটি পরিবেশনার দায়িত্বে রয়েছে পেন মারুধর। আগামী ১৪ আগস্ট, ২০২৬ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আওয়ারাপন ২’।