৩৫ বছর পর নবাববাড়ি পুকুরে নৌকা বাইচ
পুরান ঢাকার ইসলামপুরে নবাববাড়ি পুকুরে হয়ে গেল নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রায় সাড়ে তিন দশক পর সেখানে নৌকা বাইচ হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিল উৎসবের আমেজ। নৌকা বাইচ ঘিরে পুকুরের চারপাশ ঘিরে বসে মেলা।
শুক্রবার (৭ আগস্ট) নবাববাড়ী অ্যাংলিং ও পুকুর পরিচালনা কমিটির আয়োজনে উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদসহ এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় তিনি নবাববাড়ির ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আরও অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানিয়েছেন।
ইশরাক হোসেন বলেন, ‘৩৫ বছর পর আয়োজিত আজকের এই নৌকা বাইচ অনুষ্ঠানের ফাইনাল পর্বে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি। আজকের এই সুন্দর অনুষ্ঠানটি উপভোগ করেছি।’
তিনি বলেন, ‘আমি আপনাদের এলাকারই সন্তান, আপনাদের সংসদ সদস্য। এই নবাববাড়ি এলাকা একটি অত্যন্ত ঐতিহ্যবাহী এলাকা এবং আমি এই এলাকার সংসদ সদস্য হতে পেরেছি, এটা আমার জন্য গর্বের বিষয়। নবাববাড়ির ঐতিহ্য আমাদের সবাইকে গর্বিত করে।’
তিনি আরও বলেন, ‘আপনারা এই ঐতিহ্য ধরে রাখবেন এবং আপনাদের এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এ ধরনের আরও অনুষ্ঠান, আরও ঐতিহ্যবাহী যেসব প্রোগ্রাম আছে, সেগুলো আপনারা আয়োজন করবেন। আমি আপনাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করব।’
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, ‘আমাদের ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ সবসময় আপনাদের পাশে থাকেন। আমরা দুজন আপনাদের সঙ্গে আছি। একসঙ্গে আমরা ঐতিহ্যকে আরও প্রস্ফুটিত করার জন্য ভবিষ্যতে কাজ করে যাব।’