আজ শেষ হচ্ছে ‘চলচ্চিত্র উৎসব: একাল সেকাল’

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৮:৫৮ এএম
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পিএম
Main News Image

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় তিনদিন ব্যাপি উন্মুক্ত ‘চলচ্চিত্র উৎসব: একাল সেকাল’ আজ মঙ্গলবার শেষ হচ্ছে।

গত ৯ আগস্ট থেকে জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুরু হয়েছে তিন দিনব্যাপী এই ‘চলচ্চিত্র উৎসব। 

আজ সমাপনী দিনে প্রদর্শিত হবে বেকেল ৫:৩০ টায় আমজাদ হোসেন নির্মিত ‘দুই পয়সার আলতা’ এবং রাত ৮ টায় আকাশ হক নির্মিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি এবং বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ও পরিচালক কোহিনূর আখতার সুচন্দা।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী বলেন, দর্শকদের আগ্রহ বিবেচনায় নিয়ে চলচ্চিত্র প্রদর্শনীর সংখ্যা আরও বাড়ানো হবে এবং জাতীয় নাট্যশালা মিলনায়তনেও চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, “আসছে শরৎকালে যাত্রা উৎসব আয়োজন করা হবে। যাত্রা, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনীর ধারাবাহিক আয়োজন আমরা চালিয়ে যাব।”

তরুণ প্রজন্মকে মাদক ও নানা ধরনের সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ভাটিয়ালি, মুর্শেদি, কবিগান, বাউলগানসহ বাংলার সমৃদ্ধ লোকজ ঐতিহ্যের চর্চাও আরও জোরদার করা হবে।