নেপাল ট্র্যাজেডি : ৩ কোটি ১০ লাখ ডলারের সহায়তা চেয়েছে রেড ক্রস
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি সহায়তা দিতে ৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার তহবিল সংগ্রহের আবেদন জানিয়েছে রেড ক্রস। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ’ (আইএফআরসি) এই জরুরি আহ্বান জানায়। এর আগে তাৎক্ষণিক জীবনরক্ষাকারী কার্যক্রম চালুর স্বার্থে সংস্থাটি ১০ লাখ সুইস ফ্রাঁ ছাড় করে।
সংগৃহীত এই তহবিল আগামী দুই বছর ধরে প্রথমে জরুরি দুর্যোগ মোকাবিলা এবং পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের মধ্য ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কাজে ব্যবহার করা হবে। দুর্যোগের ভয়াবহতা তুলে ধরে আইএফআরসির মহাসচিব জগন চাপাগাঁই এক বিবৃতিতে জানান, পানির তীব্র স্রোতে পুরো গ্রাম ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে। ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে নিঃস্ব হয়ে পড়া মানুষের ঘুরে দাঁড়াতে দীর্ঘমেয়াদি সহায়তা একান্ত প্রয়োজন।
গত বুধবার পাহাড়ি ঢল ও কাদার তীব্র স্রোত সুনামির মতো আঘাত হেনে বিভিন্ন জনপদ প্লাবিত করে। এতে ঘরবাড়ির পাশাপাশি সেতু ও বাঁধ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক হিসাবে প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ধারণা করা হলেও এলাকাগুলো অত্যন্ত দুর্গম হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ ও দ্রুত ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
রেড ক্রসের এই অর্থ নেপাল রেড ক্রসের স্থানীয় কর্মীদের মাধ্যমে বিতরণ করা হবে। সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্তদের আশ্রয়, নগদ অর্থ, প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান করা হবে। বর্তমানে নেপাল রেড ক্রসের দলগুলো দুর্গত এলাকায় খাবার ও পানির পাশাপাশি ত্রিপল, কম্বল, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, স্ট্রেচার ও মরদেহ বহনের ব্যাগ সরবরাহ শুরু করেছে।