ভারী খাবারে পেট ভার!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১০:৫৮ এএম
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম
Main News Image

রাতে ভারী বা তেল-মসলাযুক্ত খাবার খাওয়ার পর অনেকেই গ্যাস, অম্বল, পেটে অস্বস্তি বা বদহজমে ভোগেন। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে অভিনেত্রী সোহা আলি খান নিয়ে এসেছেন এক সহজ ঘরোয়া সমাধান। ভারী খাবার খাওয়ার পর নিয়ম করে তিনি একটি বিশেষ ভেষজ পানীয় পান করেন, যা দ্রুত হজমে সাহায্য করে।

কীভাবে তৈরি করবেন এই হজমি পানীয়: পানীয়টি তৈরি করা অত্যন্ত সহজ এবং এর উপকরণগুলো সাধারণত প্রতিটি রান্নাঘরেই থাকে।

উপকরণ:

পানি: ১ কাপ

আদা: ১ টুকরো (থেঁতো করা)

দারুচিনি: ১ টুকরো

মৌরি: ১/৪ কাপ

তুলসি পাতা: ২–৩টি

প্রস্তুত প্রণালী:

১. ১ কাপ পানি ফুটিয়ে নিন।

২. ফুটন্ত পানিতে আদা, দারুচিনি, মৌরি এবং তুলসি পাতা মিশিয়ে দিন।

৩. পাত্রটি ঢাকা দিয়ে ৫ থেকে ৭ মিনিট ফুটিয়ে নিন।

৪. পানি ছেঁকে নিলেই তৈরি সোহার বিশেষ ভেষজ পানীয়।

চার উপকরণের কার্যকারিতা ও স্বাস্থ্যগুণ

এই পানীয়তে ব্যবহৃত প্রতিটি উপাদানই হজমপ্রক্রিয়া উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-

মৌরি: মৌরি অন্ত্রের প্রদাহ ও পেটের অস্বস্তি কমাতে বেশ কার্যকরী। খাওয়ার পর মৌরি চিবিয়ে খেলে বা সকালে খালি পেটে মৌরি ভিজানো জল খেলেও পেটের নানা সমস্যা থেকে আরাম মেলে।

আদা: World Journal of Gastroenterology-র তথ্য অনুযায়ী, আদা পরিপাকতন্ত্রে খাদ্য হজমের গতি বাড়ায়। এটি পেট ফাঁপা, গ্যাস, পেটে ব্যথা ও বমি বমি ভাব দূর করতে সাহায্য করে।

দারুচিনি: American Journal of Clinical Nutrition-এ প্রকাশিত গবেষণা অনুযায়ী, দারুচিনি খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তবে সারাদিনে ৬ গ্রামের বেশি দারুচিনি খাওয়া উচিত নয়, তাই এই চায়ে এক টুকরো দারুচিনিই যথেষ্ট।

তুলসি পাতা: Applied Food Research জার্নালের মতে, তুলসি পাতা সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এবং অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সামঞ্জস্য বজায় রাখে।

ভারী খাবারের পর পেটের অস্বস্তি বা বদহজমের সমস্যায় ভুগলে এই সহজ ও প্রাকৃতিক পানীয়টি খেলে দ্রুত স্বস্তি মিলতে পারে।