বিনোদনের রূপকথায় রাঙানো আর্জেন্টিনা-স্পেন মহারণ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৬:১৪ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৮:৫২ এএম
Main News Image

৪৮ দলের দীর্ঘ এক রোমাঞ্চকর মহাযজ্ঞের অবসান ঘটছে। বিশ্বকাপ ফুটবল ২০২৬ মহাকাব্যের ইতি ঘটবে রবিবার নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে। এদিন বিশ্বসেরার মুকুটের লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপ-সেরা স্পেন। লিওনেল মেসির বিশ্বজয়ী দলের সামনে স্প্যানিশ মাঝমাঠের জেনারেল রড্রির স্পেনের এই দ্বৈরথ ফুটবলপ্রেমীদের হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। তবে মাঠের ২২ জনের লড়াই ছাপিয়ে এই ফাইনাল হয়ে উঠতে চলেছে ফুটবল আর বিনোদনের এক অবিস্মরণীয় ক্ষণ।
প্রি-ম্যাচ শো ও সমাপ্তি অনুষ্ঠান: কিক-অফের ঠিক আগেই মেটলাইফ স্টেডিয়ামের জমকালো মঞ্চ কাঁপাতে উপস্থিত থাকছেন বিশ্বের একঝাঁক জনপ্রিয় মহাতারকা। চোখধাঁধানো এই সমাপ্তি অনুষ্ঠানে সরাসরি পারফর্ম করবেন, লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস ও আইশোস্পিড (বিশ্বখ্যাত ইউটিউবার)।
এখানেই শেষ নয়, সমাপ্তি অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে মাঠে সশরীরে হাজির থাকবেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত ও অস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন।
‘কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ স্পিরিটকে মাথায় রেখেই পুরো সমাপ্তি অনুষ্ঠানটি সাজানো হয়েছে। এটি আসলে ফুটবল, সংস্কৃতি আর সঙ্গীতের এক নান্দনিক মেলবন্ধন।’ এ কথা বলেছেন হেইমো শির্গি (চিফ অপারেটিং অফিসার, ফিফা ওয়ার্ল্ড কাপ)।
ইতিহাসে প্রথম: বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম আমেরিকান ফুটবলের ‘সুপার বোল’-এর আদলে তৈরি করা হচ্ছে আকর্ষণীয় হাফ-টাইম শো। মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচের বিরতিতে টানা ২৫ মিনিট ধরে চলবে এই মেগা পারফরম্যান্স।
এই বিরতিতে মঞ্চ মাতাতে হাজির থাকবেন পপ-সম্রাজ্ঞী ম্যাডোনা, গ্লোবাল আইকন শাকিরা ও পপ সেনসেশন জাস্টিন বিবার। পাশাপাশি মঞ্চে ঝড় তুলবে বর্তমান প্রজন্মের তুমুল জনপ্রিয় কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস (BTS)। পুরো আয়োজনটি নিখুঁতভাবে কিউরেট করছেন কোল্ডপ্লে ব্যান্ডের ফ্রন্টম্যান ক্রিস মার্টিন।
কখন, কীভাবে উপভোগ করবেন :উপমহাদেশের দর্শকরা ঘরে বসেই রবিবার রাতের এই জমকালো মেগা ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। একদিকে আর্জেন্টিনার বিশ্বজয়ের মুকুট ধরে রাখার অদম্য লড়াই, অন্যদিকে এক দশকেরও বেশি সময় পর স্প্যানিশ আর্মাডার বিশ্বজয়ের দুর্নিবার হাতছানি। মাঠের টানটান উত্তেজনা আর বিরতির চোখধাঁধানো বিনোদনের এই নিখুঁত যুগলবন্দী দর্শকদের এক অবিস্মরণীয় রাত উপহার দিতে প্রস্তুত।