শনিবার শুরু হচ্ছে বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৫:২৬ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৪:২৩ এএম
Main News Image

সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ১১-১৪ জুলাই ২০২৬ পর্যন্ত '৩৬৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬" সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শনিবার বিকাল ৪:০০ ঘটিকায় জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর, ঢাকায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক উদ্বোধনী উনুষ্ঠানে প্রধান অতিথি এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের মাননীয় সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

এ উপলক্ষে সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।

বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় বালক-বালিকা ৫টি গ্রুপে (অনুর্ধ ১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ ও ১৮-২০ যুবক-যুবতী) সাঁতারুরা অংশগ্রহণ করবে। বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় ৪ দিনে সাঁতারে ১০০ টি ইভেন্ট ও ডাইভিং এ ৬টি ইভেন্ট (১ মিঃ পিং বোর্ড, ৩ মি: স্প্রিং বোর্ড, ৫ মিঃ প্লাটফর্ম ডাইভিং) মোট ১০৬টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। মিরপুর সুইমিং কমপ্লেক্সে ডাইভিং পুলে ডাইভিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিজয়ী সাঁতারুদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করা হবে। দলগত চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করা হবে। এছাড়াও সেরা সাঁতারু বালক ও বালিকাকে ব্যক্তিগত ট্রফি প্রদান করা হবে এবং আর্থিক পুরস্কার প্রদান করা হবে। এ প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি মোট ৮০টি টীমের প্রায় ৫৫০ জন খেলোয়াড়, ১১০ জন টীম অফিসিয়াল ও ১০০জন মিট অফিসিয়ালসহ প্রায় ৭৭০ জন অংশগ্রহণ করবে।

প্রতিযোগিতার বাজেট নির্ধারণ করা হয়েছে ৪০,৭৫,০০০.০০ (চল্লিশ লক্ষ পঁচাত্তর হাজার মাত্র) টাকা। স্থানীয় টীম, বিকেএসপি ব্যতিত সকল দলের সাঁতারু ও অফিসিয়ালের যাতায়াত, থাকা ও খাওয়ার খরচ বাংলাদেশ সুইমিং ফেডারেশন বহন করবে। সুইমিং কমপ্লেক্সের ডরমেটরী, আবাসিক হোটেল ও ক্রীড়া পল্লী-১ ও ক্রীড়া পল্লী-২ এ সাঁতারু ও অফিসিয়ালদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। পুরষ্কার প্রাপ্ত সাঁতারুদের প্রাইজমানি প্রদান করা হবে।

প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয়ী ৩,০০০/-(তিন হাজার), রৌপ পদক ২,০০০/-(দুই হাজার) এবং ব্রোঞ্জ পদক জয়ী সাঁতারুদের ১,০০০/-(এক হাজার) টাকা আর্থিক পুরষ্কার দেওয়া হবে। প্রতিযোগিতায় সেরা সাঁতারু বালক এবং বালিকা জয়ীকে ট্রফি এবং আর্থিক পুরস্কার দেওয়া হবে।