গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা ছয়ে বাংলাদেশ অনূর্ধ্ব- ২০ নারী হকি দল
চীনের ইনার মঙ্গোলিয়ায় চলমান ২০২৬ জুনিয়র এশিয়া কাপ হকিতে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছে বাংলাদেশ। আজ টুর্নামেন্টের 'চ্যালেঞ্জার পুল'- এর ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে কাজাখস্তানকে পরাজিত করেছে। এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লাল-সবুজের মেয়েরা। একই সাথে টুর্নামেন্টে ১০ দলের মধ্যে সেরা ছয়ে নিজেদের স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ দল। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় তারা। দলের পক্ষে ম্যাচের ৩ মিনিটে পেনাল্টি কর্নার (PC) থেকে প্রথম গোল করেন শারিকা রিমন। ১৪ মিনিটে ফিল্ড গোল (FG) করে ব্যবধান দ্বিগুণ করেন লিজা আক্তার। ৪৬ মিনিটে আবারও ফিল্ড গোল (FG) করে দলকে ৩-০ তে এগিয়ে দেন জাকিয়া আফরোজ লিমা। ৫১ মিনিটে পেনাল্টি কর্নার (PC) থেকে ম্যাচের শেষ ও চতুর্থ গোলটি এনে দেন অধিনায়ক শারিকা রিমন।
শক্তিশালী রক্ষণভাগ এবং চমৎকার আক্রমণভাগের সমন্বয়ে পুরো ম্যাচে কাজাখস্তানকে কোনো সুযোগ দেয়নি বাংলাদেশের মেয়েরা। চাইনিজ তাইপেই ও পাকিস্তানের পর কাজাখস্তানকে হারিয়ে এটি টুর্নামেন্টে বাংলাদেশের টানা তৃতীয় জয়।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল বাংলাদেশ সময় সকাল ৭টায় হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।