পদক তালিকায় শীর্ষে বিকেএসপি
৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসে ২য় দিনে বিকেএসপির রিফাত ও জাহিদুলের নতুন জাতীয় রেকর্ড
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় স্টেডিয়ামে চলমান ‘৪০তম জাতীয় জুনিয়র (বয়স ভিত্তিক) অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৬’-এর দ্বিতীয় দিনে শনিবার দুটি নতুন জাতীয় রেকর্ড তৈরি হয়েছে। প্রথম দিনের দুটি রেকর্ডসহ প্রতিযোগিতার দুই দিনে এখন পর্যন্ত মোট ৪টি নতুন জাতীয় রেকর্ড গড়লেন উদীয়মান অ্যাথলেটরা।
শনিবার দ্বিতীয় দিনে ১৬টি ইভেন্ট অনুষ্ঠিত হয়, যার মধ্যে মূল আকর্ষণ ছিল ৪টি ক্যাটাগরির ২০০ মিটার স্প্রিন্ট এবং ১০০ ও ১১০ মিটার হার্ডেলস। দুই দিন শেষে মোট ২৭টি ইভেন্ট সমাপ্তিতে ১৫টি স্বর্ণসহ মোট ৩৩টি পদক নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
দ্বিতীয় দিনের নতুন জাতীয় রেকর্ডসমূহ:
১১০ মিটার হার্ডেলস (কিশোর): বিকেএসপির রিফাত শেখ ১৪.৭৪ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। তিনি ভেঙেছেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার মোহাইমেনুন আক্তারের ২০২৫ সালের রেকর্ডটি (১৪.৮০ সেকেন্ড)।
২০০ মিটার স্প্রিন্ট (বালক): বিকেএসপির মোঃ জাহিদুল ইসলাম ২২.০০ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন। এই ইভেন্টে ২০১৫ সালে একই সংস্থার আশরাফুজ্জামানের গড়া ২২.১৭ সেকেন্ডের রেকর্ডটি দীর্ঘ ১১ বছর পর ভাঙলেন জাহিদুল।
আকর্ষণীয় ২০০ মিটার স্প্রিন্টের ফলাফল:
আজকের গতিময় ২০০ মিটার স্প্রিন্টে বালক বিভাগে বিকেএসপির মোঃ জাহিদুল ইসলাম (২২.০০ সেকেন্ড) এবং বালিকা বিভাগে একই সংস্থার মোছাঃ সূবর্ণা খাতুন (২৭.০৮ সেকেন্ড) প্রথম স্থান অধিকার করেন। এছাড়া কিশোর বিভাগে বিকেএসপির মোঃ সিয়াম ইসলাম (২২.০১ সেকেন্ড) এবং কিশোরী বিভাগে বাংলাদেশ আনসার ও ভিডিপির সাবিনা আক্তার রুবি (২৫.৪০ সেকেন্ড) সেরা হয়েছেন।
পদক তালিকার বর্তমান চিত্র (শীর্ষ ৩ দল):
১. বিকেএসপি: ১৫টি স্বর্ণ, ১১টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জসহ মোট ৩৩টি পদক নিয়ে শীর্ষে।
২. বাংলাদেশ আনসার ও ভিডিপি: ৬টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ১৪টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে।
৩. নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা: ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক নিয়ে তৃতীয় স্থানে।
গত ৩ জুলাই শুরু হওয়া ৩ দিনব্যাপী এই জুনিয়র অ্যাথলেটিকস মহাযজ্ঞের পর্দা নামবে আজ রোববার। আজ ৫ জুলাই, ২০২৬ (রবিবার) সমাপনী দিনের প্রতিযোগিতা সকাল ৭:৩০ টা থেকে ভেন্যুতে শুরু হইয়েছে।