বাফুফের ‘বিতর্কিত’ কোচ জেরার্ড জোন্স বরখাস্ত

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:২৫ এএম
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পিএম
Main News Image

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে উজবেকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার ঠিক আগের দিন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের ‘বিতর্কিত’ ইংলিশ প্রধান কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করা হয়েছে। দলের সফর ঘিরে নানা নাটকিয়তার পর অবশেষে জোন্সের অধ্যায়ের ইতি টানল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

২৬ আগস্ট উজবেকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের। গুরুত্বপূর্ণ এই সফরের মাত্র ২৪ ঘণ্টা আগে প্রধান কোচকে সরিয়ে দেওয়া হলো।

নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী, তার অনুপস্থিতিতে দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশু আপাতত প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।

আগামী ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের আগে কোচিং স্টাফে আরো পরিবর্তন আসতে পারে বলে বাফুফে ইঙ্গিত দিয়েছে।

উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচ জেরার্ড জোন্সকে গত জুনে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তার এই সংক্ষিপ্ত মেয়াদ পুরোটাই মাঠের বাইরের নানা বিতর্কে ঢাকা পড়ে যায়। প্রথম ঝামেলার সূত্রপাত হয় যশোরের একটি অনুশীলন ক্যাম্পে।

সেখানে তিনি বকেয়া বেতন এবং নিরাপত্তার অভাবের কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেন, যা ফেডারেশনকে বেশ বিব্রতকর অবস্থায় ফেলেছিল।

তবে পরিস্থিতি সবচেয়ে খারাপ রূপ নেয় সম্প্রতি ঢাকার হোটেল হলিডে ইন-এ দলের অবস্থানকালে। জোন্স এবং সহকারী কোচ মিশু একপর্যায়ে তীব্র বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন, যা পরে শারীরিক সংঘাতে রূপ নেয়। এই ঘটনার জেরে ব্রিটিশ এই কোচ জাতীয় জরুরিসেবা নম্বর ৯৯৯-এ কল করে টিম হোটেলে পুলিশ ডেকে আনেন।

হোটেলের এই হাতাহাতির খবর প্রকাশ্যে আসার পরপরই জোন্স ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে গুরুতর অভিযোগ করেন।

তিনি বলেন, ‘কাজের জায়গায় আমার ওপর শারীরিক হামলা হয়েছে, আমি এখনো নিরাপদ বোধ করছি না।’ তিনি বাফুফের প্রতি ক্ষোভ প্রকাশ করে আরো জানান, আঘাতের ছবিসহ ফেডারেশনে লিখিত অভিযোগ দেওয়ার পরও তিনি তাদের কাছ থেকে কোনো ধরনের সহায়তা পাননি।

কোচদের মারামারি এবং পুলিশ ডাকার মতো ঘটনা নিয়ে সাংবাদিকদের কঠিন প্রশ্নের মুখোমুখি হওয়া এড়াতেই মূলত ফেডারেশন শেষ মুহূর্তে দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বাতিল করেছে বলে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় বাফুফে ভবনে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে বাফুফের মিডিয়া বিভাগ এক সংক্ষিপ্ত নোটিশে জানায় যে, ‘অনিবার্য কারণবশত’ সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়েছে।