Challenge Roth সফলভাবে সম্পন্ন করলেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান
মোঃ মোস্তাফিজুর রহমান বাংলাদেশের একজন Endurance Sports Coach, Triathlete ও Open Water Swimmer। দেশের দক্ষিণাঞ্চলের জেলা পিরোজপুরে জন্ম নেওয়া এই ক্রীড়াবিদ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন। সর্বশেষ তিনি জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ফুল-ডিস্ট্যান্স ট্রায়াথলন DATEV Challenge Roth 2026 সফলভাবে সম্পন্ন করেছেন।
Challenge Roth বিশ্বজুড়ে ট্রায়াথলেটদের কাছে একটি স্বপ্নের প্রতিযোগিতা। প্রতি বছর বিশ্বের সেরা প্রফেশনাল ও এজ-গ্রুপ ট্রায়াথলেটরা এতে অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়াও অত্যন্ত কঠিন। নিবন্ধন শুরু হওয়ার মাত্র ৬০ সেকেন্ডের মধ্যেই সব স্লট পূর্ণ হয়ে যায়। ২০২৬ সালের আসরে প্রায় ৩,০০০ জন ট্রায়াথলেট অংশগ্রহণের সুযোগ পান। প্রতিযোগিতা পরিচালনায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৫,৫০০ জন স্বেচ্ছাসেবক কাজ করেন এবং রেসকোর্সে প্রায় ৩ লক্ষ দর্শক উপস্থিত থেকে অ্যাথলেটদের উৎসাহ দেন।
এবারের আসরে বাংলাদেশ থেকে একমাত্র অংশগ্রহণকারী ছিলেন মোস্তাফিজুর রহমান। এছাড়া Challenge Roth-এর দীর্ঘ ইতিহাসে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মাত্র দুইজন অ্যাথলেট এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
ফুল-ডিস্ট্যান্স ট্রায়াথলনে একজন অ্যাথলেটকে ধারাবাহিকভাবে ৩.৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং ৪২.২ কিলোমিটার ম্যারাথন সম্পন্ন করতে হয়। নির্ধারিত কাট-অফ সময়ের মধ্যে পুরো রেস শেষ করতে পারলেই একজন অ্যাথলেট অফিসিয়াল Challenge Roth Finisher হিসেবে স্বীকৃতি পান। বিশ্বের সেরা ট্রায়াথলেটদের সঙ্গে একই মঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকা বহন করে ফিনিশ লাইন অতিক্রম করা মোস্তাফিজুর রহমানের জন্য ছিল এক স্বপ্নপূরণের মুহূর্ত।
এর আগে তিনি সফলভাবে IRONMAN 70.3 সম্পন্ন করেন এবং সেই পারফরম্যান্সের মাধ্যমে IRONMAN 70.3 World Championship-এ অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন। পরবর্তীতে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এছাড়া তিনি নেপালের Fishtail Race-এ প্রথম বাংলাদেশি ফিনিশার হওয়ার গৌরব অর্জন করেন।
শুধু ট্রায়াথলন নয়, ওপেন ওয়াটার সাঁতারেও রয়েছে তার উল্লেখযোগ্য সাফল্য। তিনি বাংলা চ্যানেল (টেকনাফ–সেন্ট মার্টিন) ১৬.১ কিলোমিটার সাঁতার সফলভাবে সম্পন্ন করেছেন। পাশাপাশি দেশের বিভিন্ন নদ-নদীতে অনুষ্ঠিত দীর্ঘ দূরত্বের ওপেন ওয়াটার সাঁতার প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করেছেন। চলতি বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত Oceanman প্রতিযোগিতায় অংশ নিয়ে Oceanman Master Swimmer স্বীকৃতি অর্জন করেন।
খেলাধুলার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকেও কাজ করে যাচ্ছেন তিনি। বাংলাদেশে পানিতে ডুবে মৃত্যুর হার কমাতে ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৩০০ জন সুবিধাবঞ্চিত শিশুকে বিনামূল্যে সাঁতার শিখিয়েছেন, যাতে তারা সাঁতার জানার মাধ্যমে নিজেদের জীবন রক্ষা করতে পারে।
নিজের ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে মোস্তাফিজুর রহমান বলেন,
"আমার স্বপ্ন শুধু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়, বাংলাদেশের পতাকাকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এন্ডুরেন্স ইভেন্টগুলোতে আরও বেশি করে তুলে ধরা। একই সঙ্গে আমি চাই, সাঁতার শেখানোর মাধ্যমে পানিতে ডুবে মৃত্যুর হার কমাতে ভূমিকা রাখতে। ভবিষ্যতে বাংলাদেশের পতাকা নিয়ে English Channel অতিক্রম করাও আমার অন্যতম বড় স্বপ্ন।"