দীর্ঘ অচলাবস্থার অবসান

২০ সেপ্টেম্বর শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি লিগ, দলবদল ৬-৭ সেপ্টেম্বর

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:১৭ পিএম
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পিএম
Main News Image

দীর্ঘদিন পর (২০২৩ সালের পর) মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া হকি অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আসর 'প্রথম বিভাগ হকি লিগ'।

আজ বাংলাদেশ হকি ফেডারেশনের সভাকক্ষে নবগঠিত প্রথম বিভাগ লিগ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ, মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার ও প্রথম বিভাগ লিগ কমিটির চেয়ারম্যান জনাব হারুন-অর-রশিদ। সভায় প্রথম বিভাগ হকি লিগের ও ফেডারেশনের কর্মকর্তা এবং অংশগ্রহণকারী ১১টি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

বিগত দিনে বিভিন্ন কারণে ক্লাবগুলোর মাঝে খেলতে অনীহা দেখা দিলেও, বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর প্রথম ডাকেই ক্লাবগুলো ইতিবাচক সাড়া দেয়। ক্লাবগুলোর পক্ষ থেকে প্রতিটি দলকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদানের দাবি জানানো হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে ফেডারেশনের পক্ষ থেকে এককালীন এত বড় অংকের অর্থ দেওয়া সম্ভব না হলেও, হকিকে মাঠে ফেরাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রতিটি ক্লাবকে ২ লক্ষ ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ইচ্ছা পোষণ করেন। ফেডারেশনের এই আন্তরিক প্রস্তাবে আশ্বস্ত হয়ে লিগে অংশগ্রহণকারী ১১টি ক্লাবই খেলায় ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর লিগের খেলোয়াড় দলবদলের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে খেলা মাঠে গড়াবে।

এবারের লিগের উল্লেখযোগ্য সিদ্ধান্তসমূহ:

* দলীয় স্কোয়াড: প্রতিটি ক্লাব সর্বমোট ২২ জন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে।

* ⁠থাকছে না বিদেশি খেলোয়াড়: স্থানীয় খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ সৃষ্টি ও নতুন প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এবারের লিগে কোনো বিদেশি খেলোয়াড় অংশ নিতে পারবেন না। বিদেশি খেলোয়াড়দের কারণে স্থানীয়রা যাতে সাইড বেঞ্চে বসে না থাকে, সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

* বিকেএসপি ও বাহিনী কোটা: প্রতিটি ক্লাব বিকেএসপি (BKSP) থেকে সর্বোচ্চ ৪ জন এবং তিন বাহিনী (সেনা, নৌ ও বিমান বাহিনী) থেকে সর্বোচ্চ ৪ জন করে খেলোয়াড় দলে ভেড়াতে পারবে।

* সিঙ্গেল লিগ: এবারের লিগ অনুষ্ঠিত হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে।

ফেডারেশন ও ক্লাবগুলোর সম্মিলিত প্রচেষ্টায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দীর্ঘ বিরতির পর আবারও দেশের হকিতে প্রাণচাঞ্চল্য ফিরবে এবং বল মাঠে গড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছে লিগ কমিটি।