অনূর্ধ্ব- ২০ দলকে ৯-২ ব্যবধানে হারাল জাতীয় হকি দল
আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে বুধবার মাঠে নেমেছিল বাংলাদেশ জাতীয় হকি দল। বাংলাদেশ অনূর্ধ্ব- ২০ দলের বিপক্ষে অনুষ্ঠিত এই তৃতীয় প্রস্তুতি ম্যাচে ৯-২ গোলের বড় ব্যবধানে জয় লাভ করেছে সিনিয়র দলটি। তবে এই বিশাল জয়ের চেয়েও ম্যাচে খেলোয়াড়দের মানসিক শক্তি, ধৈর্য এবং প্রতিকূল পরিস্থিতি নিয়ন্ত্রণের সামর্থ্যকে বড় করে দেখছেন জাতীয় দলের প্রধান কোচ পিটার গেরহার্ড।
অনূর্ধ্ব- ২০ দলটির সামনেও রয়েছে বড় চ্যালেঞ্জ- আসন্ন জুনিয়র এশিয়া কাপ। দুই দলের জন্যই এই ম্যাচটি ছিল নিজেদের দুর্বলতা ও শক্তি পরীক্ষার একটি দারুণ সুযোগ।
ম্যাচ শেষে নিজের সন্তুষ্টি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান কোচ পিটার গেরহার্ড। জাতীয় দলের খেলোয়াড়দের আরও শান্ত ও নিয়ন্ত্রিত হকি খেলার ওপর জোর দেন পিটার।
নিজেদের মধ্যে ১১ বনাম ১১ খেলার চেয়ে ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে এই ধরণের ম্যাচ খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে দারুণ ভূমিকা রাখছে বলে মনে করেন গেরহার্ড। তবে অনূর্ধ্ব -২০ দলের সাথে টানা তিনটি ম্যাচ খেলার পর এখন নতুন ও আরও শক্তিশালী প্রতিপক্ষের খোঁজে আছেন তিনি।
বাংলাদেশ জাতীয় হকি দল এশিয়ান গেমসে নিজেদের সেরাটা দিতে এবং খেলোয়াড়দের এই ধারাবাহিকতা ও আত্মবিশ্বাস ধরে রাখতে আগামী দিনগুলোতে আরও কঠোর অনুশীলনের পরিকল্পনা করছে।