তৃতীয় দিনের অনুশীলন শেষ করলো স্টারস এফসি

রাজশাহী স্টারসের হয়ে খেলতে ঢাকায় পৌঁছেছেন নেপালি ফুটবলার বিমলা বিকে

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৮:৫১ পিএম
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম
Main News Image

আসন্ন এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে শক্তিশালী প্রতিপক্ষ থাকলেও নিজেদের কোনোভাবেই দুর্বল ভাবতে রাজি নন রাজশাহী স্টারস এফসির নেপালি ডিফেন্ডার বিমলা বিকে। ঢাকায় পৌঁছে তিনি জানিয়েছেন, প্রতিটি ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ নারী ফুটবলের ইতিহাসের নতুন অধ্যায় রচনা করতে যাওয়া রাজশাহী স্টারস এফসি।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিমলা বিকেকে স্বাগত জানান রাজশাহী স্টারস এফসির টিম ম্যানেজার ও সহকারী কোচ। বাংলাদেশ লিগের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী স্টারসের হয়ে দ্বিতীয়বার খেলতে আসা এই নেপালি ডিফেন্ডার এশিয়ার অন্যতম বড় ক্লাব প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগকে নিজের জন্য গর্বের বলে উল্লেখ করেন।

বিমলা বিকে বলেন, “রাজশাহীর হয়ে দ্বিতীয়বার খেলতে আসলাম। সেজন্য আনন্দটা বেশি। তবে এএফসি কাপে খেলব, তাতে আমি আরও উৎসাহী হয়েছি। এশিয়ার মতো বড় মঞ্চে খেলাটা সত্যিই গর্বের। যেখানে রাজশাহী তথা বাংলাদেশ প্রথমবারের মতো খেলছে। সেই দলটার অংশীদার হতে পেরে আমি সত্যিই গর্বিত।”

স্বল্প প্রস্তুতির সময়ের মধ্যেই প্রতিটি ম্যাচে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিমলা। প্রতিপক্ষকে সম্মান করলেও কাউকেই ছাড় দিতে নারাজ এই নেপালি ডিফেন্ডার।তিনি বলেন,

“আমরা প্রতিপক্ষকে মোটেও দুর্বল ভাবি না। তার মানে এই নয় যে, আমরা দুর্বল। আমরা প্রতিটি ম্যাচ জিতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যেতে চাই। সে জন্য আপনাদের সাপোর্ট চাই।”

প্রতিপক্ষের শক্তি নিয়ে অতিরিক্ত না ভেবে নিজেদের সামর্থ্যের ওপরই আস্থা রাখতে চান বিমলা। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে রাজশাহী স্টারসের ঐতিহাসিক যাত্রায় প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে পরের রাউন্ড নিশ্চিত করাই এখন তার প্রধান লক্ষ্য।

এশিয়ার ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় বাংলাদেশের নারী ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস এফসি। আগামী ১৭ আগস্ট মালয়েশিয়ায় শুরু হতে যাওয়া প্রিলিমিনারি স্টেজ সামনে রেখে দেশে নিজেদের প্রস্তুতি জোরদার করেছে দলটি।

মঙ্গলবার কমলাপুর স্টেডিয়ামে তৃতীয় দিনের অনুশীলন করেছে রাজশাহী স্টারস। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যেও দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে দীর্ঘ সময় অনুশীলন করেন ফুটবলাররা।

প্রথম দুই দিনের অনুশীলনে শারীরিক সক্ষমতা ও দলীয় সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হলেও তৃতীয় দিনের সেশনে ম্যাচ পরিস্থিতি, পাসিং, পজিশনিং এবং আক্রমণভাগের সমন্বয় নিয়ে কাজ করা হয়। এরই মধ্যে দলের নেপালি ডিফেন্ডার বিমলা বিকেও ঢাকায় পৌঁছে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

দলের সহকারী কোচ মো. জহির ইকবাল বলেন, প্রস্তুতি নিয়ে তারা আশাবাদী এবং কোনো বাড়তি চাপ না নিয়ে নিজেদের পরিকল্পনা অনুযায়ী অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

গত নারী ফুটবল লিগে রাজশাহী স্টারসের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়া আলপী আক্তার এবার এশিয়ার মঞ্চেও দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত। বড় এই প্রতিযোগিতায় নিজেদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করাই তার লক্ষ্য।