দ্বিতীয় দিনের মতো অনুশীলনে রাজশাহী স্টারস এফসি
বাংলাদেশের নারী ফুটবলে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় রাজশাহী স্টারস এফসি। প্রথমবারের মতো এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে খেলতে যাচ্ছে দেশের নারী ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। এশিয়ার ক্লাব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতাকে সামনে রেখে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে দলটি।
মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের প্রিলিমিনারি স্টেজে অংশ নেওয়ার আগে রোববার দেশের মাটিতে দ্বিতীয় দিনের মতো অনুশীলনে নামে রাজশাহী স্টারস এফসি। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দীর্ঘ সময় ধরে অনুশীলন করে দলটি। শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কৌশলগত প্রস্তুতিতেও গুরুত্ব দেন কোচিং স্টাফরা।
দলের সহকারী কোচ মাহমুদা খাতুন জানিয়েছেন, সঠিক টিম কম্বিনেশন খুঁজে বের করার কাজ করছে টিম রাজশাহী। টুর্নামেন্টে ভালো রাখার আশাবাদের কথাও জানিয়েছেন তিনি।
দলের অভিজ্ঞ মিডফিল্ডার মনিকা চাকমা আসন্ন টুর্নামেন্টে রাজশাহী স্টারস এফসির হয়ে খেলতে পেরে গর্বিত। জানিয়েছেন, এই আসর থেকেই এশিয়ান গেমসের প্রস্তুতি নিতে চান।