শ্রীলংকাকে হারিয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:০৬ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০২:৪৫ এএম
Main News Image

পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন কাভা-এর তত্ত্বাবধানে ২২-২৯ জুলাই ২০২৬ পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত কাভা মেন্স ভলিবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছে ১৯ সদস্যবিশিষ্ট বাংলাদেশ জাতীয় পুরুষ ভলিবল দল। প্রতিযোগিতায় বাংলাদেশসহ মোট ৬টি দেশ অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দেশগুলো হলো- স্বাগতিক পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ।

প্রতিযোগিতার অফিসিয়াল সূচি অনুযায়ী আজ  সোমবার বাংলাদেশ জাতীয় পুরুষ ভলিবল দল তাদের পঞ্চম ও শেষ লিগ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ জাতীয় দল অসাধারণ প্রত্যয়, দৃঢ় মনোবল এবং দুর্দান্ত দলীয় সমন্বয়ের পরিচয় দিয়ে ৩-২ সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে টুর্নামেন্টে নিজেদের চতুর্থ জয় তুলে নেয়। ম্যাচের শুরুতে প্রথম দুই সেট অল্প ব্যবধানে হারলেও বাংলাদেশ দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে পরবর্তী তিনটি সেট জিতে স্মরণীয় প্রত্যাবর্তনের মাধ্যমে জয় নিশ্চিত করে।

ম্যাচের ফলাফল:

বাংলাদেশ ৩-২ শ্রীলঙ্কা

(পয়েন্ট: ২৪-২৬, ২৪-২৬, ২৫-২৩, ২৫-২১, ১৫-১২)

উল্লেখ্য, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ২২ জুলাই, ২০২৬ তারিখে বাংলাদেশ ৩-২ সেটে উজবেকিস্তানকে পরাজিত করে শুভ সূচনা করে। পরদিন ২৩ জুলাই, ২০২৬ তারিখে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে পরাজিত হলেও দলটি ঘুরে দাঁড়িয়ে ২৪ জুলাই, ২০২৬ তারিখে তৃতীয় ম্যাচে কাজাখস্তানকে ৩-২ সেটে এবং ২৬ জুলাই, ২০২৬ তারিখে চতুর্থ ম্যাচে নেপালকে ৩-২ সেটে পরাজিত করে। সর্বশেষ আজ শ্রীলঙ্কার বিপক্ষেও ৩-২ সেটের আরেকটি জয় অর্জনের মাধ্যমে বাংলাদেশ জাতীয় পুরুষ ভলিবল দল লিগ পর্বে চারটি গুরুত্বপূর্ণ জয় নিজেদের ঝুলিতে যোগ করে।

শ্রীলঙ্কার বিপক্ষে এই গুরুত্বপূর্ণ জয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয় পুরুষ ভলিবল দল টুর্নামেন্টের সেমি-ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করে। ধারাবাহিক সফল পারফরম্যান্সের মাধ্যমে দলটি শেষ চারে জায়গা করে নিয়ে বাংলাদেশের ভলিবলের জন্য আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছে।

বাংলাদেশ ভলিবল ফেডারেশন বিশ্বাস করে, জাতীয় দলের এই আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ ও ধারাবাহিক পারফরম্যান্স সেমি-ফাইনালসহ পরবর্তী ম্যাচগুলোতেও অব্যাহত থাকবে। ফেডারেশন আশাবাদী, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভলিবল আরও সাফল্য অর্জন করে দেশের জন্য নতুন গৌরব বয়ে আনবে।

এর আগে রবিবার বাংলাদেশ জাতীয় পুরুষ ভলিবল দল রোমাঞ্চকর ও হাড্ডাহাড্ডি লড়াইয়ে অসাধারণ দলীয় সমন্বয়, দৃঢ় মনোবল এবং লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে ৩-২ সেটে নেপালকে পরাজিত করে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় জয় তুলে নেয়। পাঁচ সেটের উত্তেজনাপূর্ণ এই ম্যাচে প্রথম সেটে পিছিয়ে পড়লেও বাংলাদেশ দুর্দান্ত প্রত্যাবর্তন করে গুরুত্বপূর্ণ এই জয় নিশ্চিত করে।