ইংলিশ কিংবদন্তি কেভিন কিগান আর নেই

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০২:০৪ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৪:৩২ এএম
Main News Image

বিশ্ব ফুটবলকে গভীর শোকে নিমজ্জিত করে বিদায় নিলেন ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ও প্রখ্যাত কোচ কেভিন কিগান। মারণ রোগ ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই ব্যালন ডি’অর জয়ী মহাতারকা। তাঁর প্রাক্তন ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের পক্ষ থেকে এই বেদনাদায়ক খবরটি নিশ্চিত করা হয়েছে।

ক্যান্সারের সঙ্গে কঠিন লড়াই : চলতি বছরের জানুয়ারি মাসে কিগানের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রথম প্রকাশ্যে আসে। তবে সেসময় অসুস্থতার বিস্তারিত প্রকাশ করা হয়নি। পরবর্তীতে গত জুন মাসে কিগান নিজেই নিশ্চিত করেন যে, তিনি ক্যান্সারের শেষ ধাপে (স্টেজ ফোর) রয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে তার পরিবার জানায়, জীবনের শেষ সময়ে স্ত্রী ও কন্যাদের সান্নিধ্যে শান্তিতে বিদায় নিয়েছেন এই কিংবদন্তি। একই সাথে চিকিৎসায় নিয়োজিত মেডিকেল টিমকে ধন্যবাদ জানিয়ে এই কঠিন মুহূর্তে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

নিউক্যাসল ইউনাইটেডের আবেগঘন বার্তা: কিগানের প্রয়াণে নিউক্যাসল ইউনাইটেড তাদের প্রাতিষ্ঠানিক বিবৃতিতে উল্লেখ করেছে, "আমাদের ক্লাবের ইতিহাসের অন্যতম আইকনিক ও প্রভাবশালী ব্যক্তিত্বের প্রয়াণে আমরা গভীরভাবে শোকস্তব্ধ। সেন্ট জেমস পার্কে খেলোয়াড় হিসেবে তিনি যে বিশ্বমানের প্রতিভা ও উচ্চাকাঙ্ক্ষা এনেছিলেন, তা ক্লাব সম্পর্কে বিশ্ব ফুটবলের ধারণাই বদলে দিয়েছিল। পরবর্তীতে ম্যানেজার হিসেবে তিনি সমর্থকদের মনে আশা, গর্ব এবং শৈল্পিক ফুটবলের নতুন উন্মাদনা সৃষ্টি করেছিলেন।"

কেভিন কিগানের বর্ণাঢ্য ক্যারিয়ার : খেলোয়াড় এবং কোচ—উভয় ভূমিকাতেই ইংলিশ ফুটবলে অনন্য ছাপ রেখে গেছেন কেভিন কিগান। ক্লাব ফুটবলে লিভারপুলের হয়ে খেলার সময়ে তিনি ৩টি লিগ খেতাব, ২টি উয়েফা কাপ ও ১৯৭৭ সালে ঐতিহাসিক ইউরোপীয় কাপ জয় করেন। জার্মানির ক্লাব হামবুর্গে থাকাকালীন ১৯৭৮ ও ১৯৭৯ সালে পরপর দু’বার ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান ‘ব্যালন ডি’অর’ জয় করেন। তিনি ইতিহাসের একমাত্র ব্রিটিশ ফুটবলার, যিনি দু’বার এই সম্মান অর্জন করেছেন। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৬৩টি ম্যাচে মাঠে নেমেছেন এবং ৩১টি ম্যাচে অধিনায়কের দায়িত্ব সামলেছেন। পরবর্তীতে ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বও দক্ষতার সাথে পালন করেন।

কেভিন কিগানের প্রয়াণে বিশ্ব ফুটবলের এক সোনালী ও বর্ণময় অধ্যায়ের অবসান ঘটল।