সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতায় নেপালের ১৭টি গোল্ড মেডেল জয়

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৪:২০ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৪:৩০ এএম
Main News Image

দক্ষিণ এশিয়ান কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় আজ শনিবার ঢাকায় শুরু হয়েছে (১৮ ও ১৯ জুলাই ২০২৬) দুইদিন ব্যাপী “১০ম ক্যাডেট, জুনিয়র, অনুর্ধ্ব-২১ এবং সিনিয়র সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ ও ২য় অনুর্ধ্ব-১৪ সাউথ এশিয়া কারাতে কাপ প্রতিযোগিতা ২০২৬”। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো: দৌলতুজ্জামান খাঁন ও সাউথ এশিয়ান কারাতেদো ফেডারেশনের সভাপতি ভারত শর্মা। আরো উপস্থিত ছিলেন নেপালের কারাতে ফেডারেশনের সভাপতি যুবরাজ লামা, ভুটানের কারাতে ফেডারেশনের সভাপতি জওয়া লাম এবং পাকিস্থান কারাতে ফেডারেশনের সভাপতি মো: জাহাঙ্গীর। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি মো: শাহজাদা আলম, সাধারণ সম্পাদক মো: মোয়াজ্জেম হোসেন সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আকবর চৌধুরী তাজ, সদস্য আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা।

প্রতিযোগিতার প্রথম দিন অনুষ্ঠিত ১০ম ক্যাডেট, জুনিয়র, অনুর্ধ্ব-২১ এবং সিনিয়র সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতায় মোট ৬৩টি গোল্ড মেডেল ম্যাচের মধ্যে ৩৫টি ম্যাচ শেষ হয়। এর মধ্যে ১৭টি গোল্ড মেডেল জিতে সবার উপরে আছে টিম নেপাল। নেপাল টিম ১৭টি গোল্ড, ৮টি সিলভার ও ২টি ব্রোঞ্জসহ মোট ২৭টি পদক জয় করে। 

৯টি গোল্ড, ১০টি সিলভার ও ১১টি ব্রোঞ্জসহ মোট ৩০টি পদেক পেয়ে ২য় স্থানে আছে ভারত দল। আর ৬টি গোল্ড, ৮টি সিলভার ও ২০টি ব্রোঞ্জসহ মোট ৩৪টি পদক জিতে তালিকায় ৩য় স্থানে আছে স্বাগতিক বাংলাদেশ। এদিকে ৩টি গোল্ড, ৭টি সিলভার ও ১৯টি ব্রোঞ্জসহ মোট ২৯টি পদক পেয়ে ৪র্থ স্থানে আছে শ্রীলংকা দল।