ফুটবল মাঠে রাজনৈতিক বিতর্ক: আর্জেন্টিনাকে ঘিরে উত্তেজনা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:৫৯ এএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৫:১৭ পিএম
Main News Image

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে জয়ের পর রাজনৈতিক ব্যানার প্রদর্শন করে বড় বিতর্কে জড়িয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপে আটলান্টায় ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জেতে আর্জেন্টিনা। ম্যাচ শেষে গ্যালারি থেকে ছুড়ে দেওয়া একটি ব্যানার হাতে তুলে নেন আর্জেন্টিনার ফুটবলাররা। স্প্যানিশ ভাষায় সেখানে লেখা ছিল ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’। এর অর্থ ‘মালভিনাস (ফকল্যান্ড) আমাদেরই’।

প্রথমে জিওভানি লো সেলসো ও লিসান্দ্রো মার্তিনেজ ব্যানারটি ধরেন। পরে লিওনেল মেসিসহ দলের বাকিরা এই উল্লাসে যোগ দেন। ফিফা বিষয়টিকে মোটেও হালকাভাবে দেখছে না। তাদের শৃঙ্খলারক্ষা কমিটি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ফুটবল মাঠে ফকল্যান্ডের পতাকা আগেই নিষিদ্ধ ছিল।

নিয়ম অনুযায়ী মাঠে কোনো রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত স্লোগান প্রদর্শন করা নিষিদ্ধ। এই নিয়ম ভাঙলে ৫ থেকে ২০ হাজার ডলার জরিমানা বা খেলোয়াড়দের নির্বাসন (সাসপেন্ড) হতে পারে। ব্রিটিশ ডেমোক্র্যাট নেতা এড ড্যাফি ফিফাকে চিঠি দিয়েছেন। তিনি জড়িত আর্জেন্টাইন খেলোয়াড়দের বিশ্বকাপ ফাইনালে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

আয়োজক দেশ আমেরিকা সরাসরি ফুটবলারদের সমালোচনা না করলেও ফিফার দ্রুত হস্তক্ষেপ দাবি করেছে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই ফুটবলারদের পাশে দাঁড়িয়েছেন। তাঁর মতে, খেলোয়াড়রা দেশের মানুষের আবেগ প্রকাশ করেছেন এবং কোনো অবৈধ কাজ করেননি। তবে ফিফা জরিমানা করলে তা মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

আর্জেন্টিনার বিদেশমন্ত্রকও ফুটবলারদের সমর্থন করেছে। পাশাপাশি, আর্জেন্টিনার মূল ভূখণ্ডের কাছে ব্রিটিশ নৌবাহিনীর উপস্থিতির প্রতিবাদে আমেরিকা ও ব্রিটিশ দূতাবাসে প্রতিবাদপত্র পাঠিয়েছে আর্জেন্টিনা সরকার।