ঢাকায় শনিবার থেকে শুরু হচ্ছে ১০ম ক্যাডেট, জুনিয়র, অনুর্ধ্ব-২১ এবং সিনিয়র সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৬:১৮ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৪:২৮ এএম
Main News Image

দক্ষিণ এশিয়ান কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় আগামীকাল শনিবার (১৮-৭-২০২৬) থেকে ঢাকায় শুরু হতে হচ্ছে দুইদিন ব্যাপী “১০ম ক্যাডেট, জুনিয়র, অনুর্ধ্ব-২১ এবং সিনিয়র সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ ও ২য় অনুর্ধ্ব-১৪ সাউথ এশিয়া কারাতে কাপ প্রতিযোগিতা ২০২৬”। 

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত দুইদিন ব্যাপী এবারের সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতায় ভারত, পাকিস্থান, নেপাল, ভূটান, শ্রীলংকা ও স্বাগতিক বাংলাদেশ দল থেকে বিভিন্ন ক্যাটাগোরীতে মোট ৫৬৫জন খেলোয়াড় অংশ নিচ্ছে। 

প্রতিযোগিতায় ১০ম ক্যাডেট, জুনিয়র, অনুর্ধ্ব-২১ এবং সিনিয়র সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতায় মোট ৬৩টি গোল্ড এবং ২য় অনুর্ধ্ব-১৪ সাউথ এশিয়া কারাতে কাপ প্রতিযোগিতায় মোট ৩০টি গোল্ড সর্বমোট ৯৩টি গোল্ড মেডেল জয়ের জন্য ফাইট করবে প্রতিযোগিরা। 

আগামীকাল শনিবার  সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। 

প্রতিযোগিতা উপলক্ষে আজ শুক্রবার ঢাকায় পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়াম, বেইলী রোডে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কোচেস লাইসেন্সিং পরীক্ষা। 

দক্ষিণ এশিয়ান কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত এশিয়ান কোচেস লাইসেন্সিং পরীক্ষায় ভারত, নেপাল, পাকিস্থান, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগিতক বাংলাদেশ থেকে মোট ৪৫জন কোচ পরীক্ষায় অংশ নেন। 

এদিকে, গতকাল বৃহস্পতিবার এশিয়ান রেফারি লাইসেন্সিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশে থেকে পরীক্ষায় অংশ নেন মোট ৬১জন। বাংলাদেশ হতে অংশ নেন ১৪জন। আজ শুক্রবার প্রকাশিত ফলাফলে ৬১জনের মধ্যে কুমিতে ৩৮জন এবং কাতায় ২৫জন পাস করেন। আর বাংলাদেশের ১৪জনের মধ্যে পাস করেন ১০জন।  

প্রধান পরীক্ষক হিসেবে কোচেস ও রেফারি লাইসেন্সিং পরীক্ষা পরিচালনা করেন এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি কমিশনের সাধারণ সম্পাদক মাইকেল হান্স। 

এছাড়া সহকারী পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উসিআকি নোবুকাওয়া, রেফারি কমিশন মেম্বার (জাপান), শাহিন আনসার, রেফারি কমিশন মেম্বার (ভারত), মাহমুদ ইলসাইদ, রেফারি কমিশন মেম্বার (মিশর), জোবার জসিম, রেফারি কমিশন মেম্বার (সংযুক্ত আরব আমিরাত) এবং বাংলাদেশ থেকে সার্বিক সহযোগিতা করেন করেন বাংলাদেশ কারাতে রেফারি কমিশনের চেয়ারম্যান আওলাদ হোসেন ও অন্যান্য রেফারি কমিশনের সদস্যরা। 

দিনব্যাপী আয়োজিত কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের সভাপতি ইন্ডিয়ার ভারত শর্মা। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি মো: শাহজাদা আলম, সাধারণ সম্পাদক মো: মোয়াজ্জেম হোসেন সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আকবর চৌধুরী তাজ সহ অন্যান্যরা।