আসুন রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম
Main News Image

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে দেশের সর্বস্তরের জনগণ, বিশেষ করে তরুণ সমাজকে সাথে নিয়ে একটি পরিচ্ছন্ন ও সুস্থ বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

তরুণদের ভূমিকা ও আগামী দিনের লক্ষ্য

প্রধানমন্ত্রী তার বক্তব্যে তরুণদের ওপর বিশেষ আস্থা প্রকাশ করে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণ সমাজ যেভাবে দেশের পরিবর্তনের সূচনা করেছিল, একইভাবে রাষ্ট্র পুনর্গঠনেও তাদের মূল ভূমিকা পালন করতে হবে। আগামী তিন মাসের যৌথ প্রচেষ্টায় ডেঙ্গু সমস্যার অন্তত ৮০ শতাংশ সমাধানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজ নিজ ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়। "কথা একটাই—কাজ, কাজ আর কাজ। পরিচ্ছন্নতাই হতে হবে আমাদের আগামী দিনের মূল লক্ষ্য।"

অভিযানের ব্যাপ্তি ও সময়সীমা

১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা অভিযান আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে একযোগে পরিচালিত হবে। ঢাকা কেন্দ্রিক উদোগের পাশাপাশি সব জেলা ও উপজেলা প্রশাসন অনলাইনের মাধ্যমে সরাসরি এই কর্মসূচিতে যুক্ত হয়েছে।

অভিযানের মূল উদ্দেশ্য হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, যত্রতত্র ময়লা ফেলা বন্ধে জনসচেতনতা সৃষ্টি করা এবং সরকারি ও সামাজিক উদোগের সমন্বয় ঘটানো। প্রধানমন্ত্রীর বক্তব্যে স্কাউটসের ২৩ লাখ, বিএনসিসির ২২ হাজার সদস্যসহ দেশের প্রায় চার কোটি শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এ আন্দোলনকে সফল করার তাগিদ দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কমিটি'র আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্কাউটস ও বিএনসিসি সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী এবং সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।