পানি বণ্টন ও অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির
বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের ন্যায়সংগত ও গ্রহণযোগ্য সমাধান হলে দুই দেশের জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন।
বৈঠকে অভিন্ন নদ-নদীর পানি ব্যবস্থাপনাকে দুই দেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত উল্লেখ করে রাষ্ট্রপতি গঙ্গা ও তিস্তাসহ সকল অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনে ভারতকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। জবাবে ভারতীয় হাইকমিশনার এ বিষয়ে তাঁর সরকারের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষে প নেওয়ার কথা রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি বলেন, নিকটতম প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য ও উন্নয়ন অংশীদার হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ। সার্বভৌম সমতা, জাতীয় স্বার্থ, মর্যাদা এবং জনগণের কল্যাণকে সমুন্নত রেখে একটি সম্মানজনক, ভবিষ্যতমুখী ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ অংশীদারিত্ব গড়ে তুলতে বাংলাদেশ আগ্রহী।
ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, পারস্পরিক মর্যাদা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে ভারত প্রবল আগ্রহী। বাণিজ্য, পানিসম্পদ ব্যবস্থাপনা, প্রযুক্তি, যোগাযোগ এবং সংস্কৃতিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে দুই দেশ একসঙ্গে কাজ করে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস