ভর্তুকি ছাড়াই খোলাবাজারে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বেচবে টিসিবি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১০:৪৭ এএম
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম
Main News Image

বাজারদর নিয়ন্ত্রণে এনে সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে স্মার্ট ফ্যামিলি কার্ড ব্যবস্থার বাইরে খোলাবাজারে নির্বাচিত নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির এক নতুন পরীক্ষামূলক উদ্যোগ নিতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সম্পূর্ণ সরকারি ভর্তুকি ছাড়াই তুলনামূলক কম দামে সংগৃহীত পণ্য বাজারে বিক্রির এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সম্প্রতি বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এ তথ্য জানান।

কার্ডধারী সুবিধাভোগীদের পাশাপাশি সাধারণ সব ভোক্তা খোলাবাজার থেকে এসব পণ্য কিনতে পারবেন। সরকার কোনো ভর্তুকি দেবে না। আন্তর্জাতিক বা সাশ্রয়ী উৎস থেকে কম দামে পণ্য সংগ্রহ করে বাজারদরের চেয়ে প্রতি ইউনিটে প্রায় ১০ থেকে ১২ টাকা কম দামে বিক্রি করা হবে।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেশে পৌঁছাতে যাওয়া ২০ হাজার মেট্রিক টন ভোজ্যতেলের প্রথম চালানটি ‘পাইলট লট’ হিসেবে ব্যবহৃত হবে।

তেলের পর সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করা সম্ভব হলে পর্যায়ক্রমে ডাল ও চিনিও এ তালিকায় যুক্ত করা হবে।

পাইলট প্রজেক্ট ও বাজার মূল্যায়ন

টিসিবি চেয়ারম্যান জানান, প্রাথমিকভাবে তিন থেকে চার মাস এ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালানো হবে। এই মেয়াদে বাজারে পণ্যটির চাহিদা ও বিক্রির হার মূল্যায়ন করা হবে। ইতিবাচক সাড়া পাওয়া গেলে এবং কার্যকরভাবে বিক্রি সম্ভব হলে উদ্যোগটি দীর্ঘমেয়াদে সম্প্রসারণ করা হবে।

বিদ্যমান কার্যক্রমের অতিরিক্ত সুবিধা

প্রস্তাবিত এ উন্মুক্ত বিক্রয় ব্যবস্থা টিসিবির বিদ্যমান ভর্তুকিমূল্যের 'স্মার্ট ফ্যামিলি কার্ড' কর্মসূচির বিকল্প নয়, বরং অতিরিক্ত একটি পদক্ষেপ হিসেবে কাজ করবে। এ পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার জন্য আলাদা কোনো নতুন বাজেট বরাদ্দের প্রয়োজন নেই; টিসিবির চলতি বাজেটের বরাদ্দ থেকেই পরিচালন ব্যয় মেটানো সম্ভব হবে।

টিসিবি আশা করছে, খোলাবাজারে সাশ্রয়ী মূল্যে সংস্থার এ উপস্থিতি সামগ্রিক বাজারদর কমাতেও ইতিবাচক প্রভাব ফেলবে।