ঢাকায় বৃষ্টির পূর্বাভাস: আবহাওয়া অফিসের নতুন বার্তা
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৯ আগস্ট) সকাল ৭টায় দেওয়া পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার এই হালনাগাদ তথ্য জানানো হয়। সেই তথ্য অনুযায়ী এরইমধ্যে বৃষ্টি হয়েছেও ঢাকার বেশকিছু এলাকায়।
পূর্বাভাস অনুযায়ী, রোববার দুপুরের মধ্যে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) পূর্বাভাসে জানানো হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।