চুক্তি হলেও হরমুজ এখনই খুলবে না ইরান

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:৩৯ এএম
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ এএম
Main News Image

বিশ্ব বাণিজ্যের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ 'হরমুজ প্রণালি' সুরক্ষায় ওমানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে একটি চুক্তির আলোচনা ইতিবাচক এবং চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে চুক্তি সম্পাদিত হলেও প্রণালিটি এখনই উন্মুক্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, জলপথটি দিয়ে নৌযান চলাচল পুনরায় স্বাভাবিক করার বিষয়টি কেবল চুক্তির ওপর নয়, বরং আরও কিছু শর্ত পূরণের ওপর নির্ভরশীল। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করলেও প্রণালিতে চলাচলকারী জাহাজে আক্রমণের বিরুদ্ধে ইরানকে সতর্ক করেছে। ফলে দুই পক্ষের মধ্যে চলমান এই আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কাও তৈরি হয়েছে।

সামরিক অবরোধ: গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কৌশলগত এই জলপথটি কার্যত অবরোধ করে রেখেছে ইরানি বাহিনী। জবাবে যুক্তরাষ্ট্রও পাল্টা নৌ-অবরোধ জারি রেখেছে।

জ্বালানি বাজারে অস্থিরতা: বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এই দীর্ঘ অবরোধের কারণে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার চরম অস্থির হয়ে উঠেছে।

মার্কিন বার্তা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে খুব শিগগিরই একটি চুক্তি সম্পাদিত হতে পারে। সম্ভাব্য চুক্তি হলেও তেহরানের অন্যান্য শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান এই নৌপথে স্বাভাবিক যাতায়াত সহসাই ফিরছে না।