শিশুদের মনস্তাত্ত্বিক ক্ষতির দায়ে মেটাকে ৫৭ কোটি ডলার জরিমানা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৯:৩৮ এএম
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম
Main News Image

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের মূল প্রতিষ্ঠান মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার (৫৬৭ মিলিয়ন ডলার) জরিমানা পরিশোধের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি আদালত। এটি বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ৭০ হাজার কোটি টাকা।

বিচারক ব্রায়ান বিয়েডশেইড বৃহৎ এই সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিটিকে 'জনদুর্ভোগ' হিসেবে অভিহিত করে বায়ুদূষণের সঙ্গে তুলনা করেছেন। রায়ে তিনি মেটাকে একটি কারখানার সাথে তুলনা করে বলেন, প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন এবং কনটেন্ট হলো তাদের পণ্য, আর "শিশুদের মনস্তাত্ত্বিক ক্ষতি ও যৌন শোষণ হলো সেই দূষণ যা অবশ্যই দূর করতে হবে।" জরিমানার এই অর্থ ভবিষ্যতে হতে যাওয়া ক্ষতি কমানোর উদ্দেশ্যে তৈরি একটি বিশেষ তহবিলে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে এই একই মামলায় মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানার নির্দেশ দেওয়া হয়েছিল। নতুন রায়ের পর প্রতিষ্ঠানটির ওপর মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ৯৪২ মিলিয়ন ডলার (প্রায় ৯৪ কোটি ২০ লাখ ডলার), যা মুদ্রার বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ১ লাখ ১৭ হাজার কোটি টাকা।

মেটার প্রতিক্রিয়া ও পরবর্তী পদক্ষেপ

আদালতের এই রায়ের প্রতিক্রিয়ায় মেটার এক মুখপাত্র জানান, তারা এই রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করছেন এবং উচ্চ আদালতে আপিল করবেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, "আমরা আমাদের প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে কঠোর পরিশ্রম করি এবং ক্ষতিকর কনটেন্ট শনাক্ত ও অপসারণের চ্যালেঞ্জগুলো সম্পর্কে সচেতন। অনলাইনে কিশোর-কিশোরীদের সুরক্ষায় আমাদের কাজের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।"

শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগে বিচারিক পর্যায়ে মেটার বিরুদ্ধে এটি একটি বড় পদক্ষেপ হলেও প্রথম নয়। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুদের মানসিক সুরক্ষা ও কনটেন্ট নিয়ন্ত্রণ নিয়ে মেটার বিরুদ্ধে হাজার হাজার মামলা চলছে। চলতি বছরের শুরুর দিকে লস অ্যাঞ্জেলেসের একটি আদালতেও একই ধরনের মামলায় হেরেছিল প্রতিষ্ঠানটি।