সচল আমেরিকান এলএনজি টার্মিনাল, স্বাভাবিক সরবরাহ আগামী সপ্তাহে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৪:০৮ পিএম
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম
Main News Image

মেরামত শেষে পুনরায় চালু হয়েছে মার্কিন কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’ পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনাল। ১৫ দিন বন্ধ থাকার পর বুধবার গভীর রাতে এটি চালু হয়। তবে এখনই পূর্ণ মাত্রায় গ্যাস মিলছে না। সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

গ্যাস সরবরাহের বর্তমান চিত্র : এক্সিলারেট টার্মিনাল থেকে বর্তমানে দিনে ১১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলছে। এই টার্মিনালের দৈনিক মোট সক্ষমতা ৬০০ মিলিয়ন ঘনফুট।

পাশে থাকা সামিট এলএনজি টার্মিনালের দৈনিক সক্ষমতা ৫০০ মিলিয়ন ঘনফুট। বর্তমানে দুটি টার্মিনাল মিলে দৈনিক ৬৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। দুটি টার্মিনালের স্বাভাবিক সম্মিলিত সক্ষমতা ১১০০ মিলিয়ন ঘনফুট। সরবরাহ কিছুটা বাড়লেও দেশজুড়ে গ্যাস সংকট এখনো কাটেনি।

যেভাবে ঘটেছিল দুর্ঘটনা : গত ২১ জুলাই জাহাজ থেকে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তরের সময় বয়লারে আগুন লাগে। দ্রুত এলএনজিবাহী জাহাজটি সরিয়ে নেওয়া হয়। ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এরপর সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ প্রকৌশলী এনে ১৫ দিনের প্রচেষ্টায় এটি সচল করা হয়।

পুরোনো প্রযুক্তি ও বারবার ত্রুটি : মহেশখালীতে থাকা এক্সিলারেট এনার্জির এই ভাসমান জাহাজটির নাম ‘এক্সিলেন্স’। ২০০৫ সালে দক্ষিণ কোরিয়ায় তৈরি এই জাহাজটি প্রায় ২১ বছরের পুরোনো। ২০১৮ সালে দেশের প্রথম এলএনজি টার্মিনাল হিসেবে এটি বাণিজ্যিক যাত্রা শুরু করে।

পুরোনো হওয়ার কারণে এ নিয়ে মোট পাঁচবার টার্মিনালটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হলো।