বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রশমনের আশায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) লেনদেনের শুরুতেই বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলে এক ডলারেরও বেশি কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, লেনদেনের শুরুতেই তেলের মূল সূচকগুলোতে পতন দেখা গেছে, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১.৪৭ ডলার (১.৬৬%) কমে ৮৬.৮৯ ডলারে নেমে এসেছে। এটি গত ২০ জুলাইয়ের পর তেলের সর্বনিম্ন দর। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ব্যারেল প্রতি ১.৪৫ ডলার (১.৭৬%) কমে ৮১.১৬ ডলারে দাঁড়িয়েছে।
এর আগের লেনদেন সেশনেও উভয় ক্যাটাগরির তেলের দাম প্রায় ৮ শতাংশ কমেছিল। সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইরানের ওপর তাদের নির্ধারিত বিমান হামলা স্থগিত করার পর থেকেই বাজারে তেলের দর কমতে শুরু করে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে বর্তমানে "ভালো আলোচনা" চলছে এবং এই ভূ-রাজনৈতিক সংকট সমাধানের একটি ইতিবাচক সুযোগ রয়েছে।
আইজির (IG) বাজার বিশ্লেষক টনি সিকামোর জানান, "সামরিক উত্তেজনা কমার ইঙ্গিতে বাজারে সাময়িক স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে লোহিত সাগরে সৌদি অবকাঠামোতে সম্ভাব্য আক্রমণের ঝুঁকি কমেছে। তবে পরিস্থিতি এখনও বেশ পরিবর্তনশীল।"
বাজার বিশ্লেষকদের মতে, শুধু উত্তেজনা কমা নয়, বরং তেলের দাম কমার পেছনে আরও কয়েকটি কারণ কাজ করছে, এশিয়ায় চাহিদা হ্রাস: দীর্ঘদিনের সংঘাত ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে এশিয়ার বাজারে তেলের সার্বিক চাহিদা হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের একটি জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও গ্যাসোলিনের মজুত গত সপ্তাহে আরও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।