'রাজনীতি নয়, দেশের ছাত্রসমাজই সবার আগে!'

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:৪৪ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৩:৪৩ এএম
Main News Image

নিট (NEET) পরীক্ষা সংক্রান্ত বিতর্কের জের ধরে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, ধর্মেন্দ্র প্রধানের এই পদত্যাগই প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে রাজনীতির চেয়ে দেশের স্বার্থ, শিক্ষার্থী এবং তরুণদের ভবিষ্যৎ সবচেয়ে আগে।

দেশজুড়ে চলা আন্দোলনের মুখে শনিবার নিজের পদত্যাগপত্র জমা দেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা করতে এবং এই আন্দোলনকে কাজে লাগিয়ে ‘দেশবিরোধী শক্তি’ যেন কোনো সুবিধা নিতে না পারে, তাই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) অমিত শাহ লেখেন, "বিজেপি কর্মীদের কাছে যেকোনো পদের চেয়ে দেশ, আমাদের তরুণ সমাজ ও শিক্ষার্থীরা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এই আদর্শেরই এক অনন্য উদাহরণ।"

পরীক্ষায় অনিয়ম ঠেকাতে কেন্দ্রীয় সরকারের নেওয়া পদক্ষেপের সমর্থনে অমিত শাহ জোর দিয়ে বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার দেশের শিক্ষার্থীদের অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। পরীক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে সরকার প্রয়োজনীয় সব সংস্কার করতে প্রস্তুত। তিনি আরও যোগ করেন, "প্রশ্নফাঁসে জড়িত দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে মোদিজি যেসব সিদ্ধান্ত নিয়েছেন, তা প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, সরকারের প্রস্তাবিত এসব সংস্কার নিট পরীক্ষায় সফল হওয়া শিক্ষার্থীদের সঠিক বিচার এনে দেবে।"

নিজের পদত্যাগের ঘোষণা দিতে গিয়ে ধর্মেন্দ্র প্রধান স্পষ্ট জানান, এটি কোনো "ব্যক্তিগত মর্যাদার লড়াই" নয়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। তিনি শুরু থেকেই এই অনিয়মের দায় স্বীকার করেছেন এবং শিক্ষার্থীরা যাতে নিজেদের পড়াশোনা ও ক্যারিয়ারে মন দিতে পারে, সেই পরিবেশ তৈরি করতেই পদত্যাগ করেছেন। পাশাপাশি দিল্লির যন্তর মন্তরসহ দেশের অন্যান্য প্রান্তে চলা আন্দোলনকে কোনো অসাধু চক্র যেন ব্যবহার করতে না পারে, তাও নিশ্চিত করা তাঁর এই সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য ছিল।

সপ্তাহব্যাপী চলা আন্দোলনের পর শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ একাধিক দাবি কেন্দ্রীয় সরকার মেনে নেওয়ায় আন্দোলনকারীরা তাঁদের কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন। এই প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানের কাজের ভূয়সী প্রশংসা করেন অমিত শাহ। জাতীয় শিক্ষানীতি (NEP) চালু করা, আঞ্চলিক ভাষায় পরীক্ষা গ্রহণ, পিএম শ্রী (PM SHRI) স্কুলের সম্প্রসারণ, ডিজিটাল শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং শিল্পখাতের সঙ্গে শিক্ষাব্যবস্থার মেলবন্ধন ঘটানোর পেছনে ধর্মেন্দ্র প্রধানের ভূমিকার কথা তিনি উল্লেখ করেন।