ছাত্র আন্দোলনের পাশে অঞ্জন দত্ত, কী বললেন
দিল্লির যন্তরমন্তরে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে এবং স্বচ্ছ তদন্তের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রকাশ্যে সমর্থন জানালেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও সংগীতশিল্পী অঞ্জন দত্ত। সম্প্রতি নিজের তৈরি 'চালচিত্র এখন' সিনেমার জন্য ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ছবির সম্মান পেয়েছেন তিনি। সেই জাতীয় সম্মানের আবহেই এক ভিডিও বার্তায় দেশের এই চলমান রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেন বর্ষীয়ান এই পরিচালক।
৭৩ বছর বয়সী এই পরিচালক নিজের ভিডিও বার্তায় জানান, জীবনের কোনো পর্যায়েই তিনি প্রত্যক্ষ দলীয় রাজনীতির সাথে যুক্ত হননি। তিনি সমষ্টিগত রাজনৈতিক এজেন্ডার বদলে ব্যক্তিস্বাতন্ত্র্য ও অস্তিত্ববাদে বিশ্বাস করেন।
দেশের সংবিধান এবং নির্বাচিত সরকারের প্রতি সম্পূর্ণ আস্থা রেখেও তিনি জানান, শিক্ষাক্ষেত্রের মতো পবিত্র বিষয়ে দুর্নীতির বিরুদ্ধে যখন লক্ষ লক্ষ ছাত্রছাত্রী অহিংস ও গণতান্ত্রিক উপায়ে আওয়াজ তোলে, তখন নাগরিক হিসেবে তিনি চুপ থাকতে পারেন না।
শিক্ষার্থীদের এই যুক্তিসঙ্গত প্রতিবাদকে কুর্নিশ জানিয়ে তিনি বলেন, আন্দোলনকারী ছাত্ররা সাংবিধানিক উপায়ে প্রশ্ন তুলে তাঁকে একজন ভারতীয় হিসেবে গর্ব করার সুযোগ করে দিয়েছে।
দলীয় রাজনীতির বাইরে অবস্থান করেও একজন প্রবীণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকারের এই প্রকাশ্য সমর্থন দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।