মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ৯২ ডলার পার

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০১:১৩ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৩:৩৫ এএম
Main News Image

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। বুধবার এশিয়ার বাজারে তেলের দামে এই বড় উত্থান দেখা যায়। লেনদেনের শুরুতে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১.২% বেড়েছে। বর্তমানে প্রতি ব্যারেল তেল ৯২.০৯ ডলারে বিক্রি হচ্ছে। গত ১১ জুনের পর এটিই সর্বোচ্চ দাম। যুক্তরাষ্ট্রের মানদণ্ড অনুযায়ী তেলের দাম ১.১% বেড়েছে। প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৮৫.২৩ ডলারে।

উত্তেজনার প্রধান কারণ : উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের রাডার ও আকাশ প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার থেকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের হামলার তীব্রতা আরও বেড়েছে। ইরান দাবি করেছে, হরমুজ প্রণালীতে নির্দেশনা অমান্য করায় তারা দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। বর্তমানে ট্যাংকার দুটির চলাচল বন্ধ রয়েছে।

গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কৌশলগত চাপ সৃষ্টিতে হরমুজ প্রণালী অবরুদ্ধ করার চেষ্টা করছে তেহরান। উল্লেখ্য, যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট সরবরাহ করা তেলের প্রায় এক-পঞ্চমাংশ (২০%) এই প্রণালী দিয়েই পরিবাহিত হতো।