বিশ্বজুড়ে ফেসবুক বন্ধে তোলপাড়
বিশ্বজুড়ে বড়সড় বিপর্যয়ের মুখে পড়েছে মেটার জনপ্রিয় দুই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার। হঠাৎ করেই ডাউন হয়ে গেছে ফেসবুকের সার্ভার, যার কারণে কোটি কোটি ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না।
বাংলাদেশ ও ভারতের ব্যবহারকারীসহ বিশ্বজুড়েই ডেস্কটপ ও মোবাইল অ্যাপে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করলেই স্ক্রিনে ভেসে উঠছে ‘Account Temporarily Unavailable’-এর বার্তা।
চোখের পলকে সার্ভার ডাউন : বিভ্রাট ট্র্যাক করার আন্তর্জাতিক ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’ (Downdetector)-এর গ্রাফ অনুযায়ী, রোববার বাংলাদেশ সময় দুপুরের দিকে হঠাৎ করেই ফেসবুকের সমস্যা নিয়ে ব্যবহারকারীদের রিপোর্টের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। যেখানে কয়েক মুহূর্ত আগেও মাত্র ৫টি অভিযোগ জমা পড়েছিল, দেখতে দেখতে সেই অভিযোগের সংখ্যা সাড়ে তিন হাজারেরও (৩,৫৫৫) বেশি ছাড়িয়ে যায়।
ব্যবহারকারীরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছেন : মোবাইল অ্যাপ এবং ডেস্কটপ—উভয় সংস্করণেই ফেসবুক ব্যবহার করতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে ব্যবহারকারীদের। এর মধ্যে প্রধান সমস্যাগুলো হলো- লগ-ইন সমস্যা: ফেসবুকের মূল পাতায় বা নিউজফিডে কোনোভাবেই প্রবেশ করা যাচ্ছে না। মিডিয়া আপলোড বন্ধ- নতুন কোনো ছবি বা ভিডিও আপলোড করা যাচ্ছে না। মেসেঞ্জার অচল- ফেসবুকের নিজস্ব মেসেজিং অ্যাপ ‘মেসেঞ্জার’-এ কোনো বার্তা বা মেসেজ পাঠানো যাচ্ছে না। ডেস্কটপ সংস্করণে বিপর্যয়-বিশেষ করে কম্পিউটার বা ল্যাপটপে ফেসবুকের ওয়েবসাইটটি সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।
ফেসবুক বা মেসেঞ্জার খুললেই স্ক্রিনে একটি নোটিশ ভেসে উঠছে, যেখানে লেখা রয়েছে: "Account Temporarily Unavailable. Your account is currently unavailable due to a site issue. We expect this to be resolved shortly. Please try again in a few minutes."
অর্থাৎ, কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে আপনার অ্যাকাউন্টটি ব্যবহার করা যাচ্ছে না। আমরা আশা করছি দ্রুতই এই সমস্যার সমাধান হবে। দয়া করে কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন।
এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত ফেসবুকের মূল প্রতিষ্ঠান ‘মেটা’-র পক্ষ থেকে এই যান্ত্রিক গোলযোগ বা সার্ভার ডাউন হওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ছুটির দিনে আচমকা জনপ্রিয় এই যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বিশ্বজুড়ে কোটি কোটি নেটনাগরিক।