জেনে নিন ড্রাই শ্যাম্পুর ভালো-মন্দ
ব্যস্ত জীবনে সময় বাঁচানোই এখন অনেকের মূল লক্ষ্য। হুট করে বাইরে যাওয়ার প্রয়োজন হলে কিংবা কাজের চাপে জল দিয়ে চুল ধোয়ার সুযোগ না থাকলে অনেকেই ঝুঁকছেন 'ড্রাই শ্যাম্পু'র দিকে। কিন্তু এই ড্রাই শ্যাম্পু ঠিক কতটা কার্যকরী এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না— এ বিষয়ে বিস্তারিত পরামর্শ দেখে নিন এক পলকে।
ড্রাই শ্যাম্পু কী? : ড্রাই শ্যাম্পু হলো চুলে ব্যবহারের একটি আধুনিক ও স্মার্ট প্রোডাক্ট। জল ছাড়াই এটি চুলকে দ্রুত সতেজ ও ঝরঝরে করতে সাহায্য করে। বিশেষ কোনো পরিস্থিতিতে চুল ফ্রেশ রাখার জন্য এটি ভীষণ কার্যকর। ড্রাই শ্যাম্পু মূলত স্ক্যাল্পে বা মাথার ত্বকে জমে থাকা অতিরিক্ত তেল ও ঘাম শোষণ করে নেয়। ফলে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই চুল পরিষ্কার ও সুন্দর দেখায়। সোশ্যাল মিডিয়ায় বিউটি ব্লগ ও তারকাদের নিয়মিত ব্যবহারের কল্যাণে পণ্যটি এখন তরুণ প্রজন্মের কাছে বেশ ট্রেন্ডি।
কী কী উপাদান থাকে? : ড্রাই শ্যাম্পুর প্রধান উপাদান হিসেবে সাধারণত কর্ন স্টার্চ বা রাইস স্টার্চ ব্যবহার করা হয়, যা তেল শুষে নিতে সাহায্য করে। তবে বর্তমানে এর গুণগত মান বাড়াতে আরও কিছু কার্যকর উপাদান যোগ করা হচ্ছে, ওট মিল্ক ও চারকোল: স্ক্যাল্পের অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে। অ্যালোভেরা: চুল মসৃণ ও প্রাণবন্ত রাখে। নিয়াসিনামাইড: খুশকির সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করে। হোয়াইট টি পাউডার: স্ক্যাল্পের ইরিটেশন বা জ্বালাভাব কমায়।
ব্যবহারের সঠিক নিয়ম : বাজারে মূলত তিন ধরনের ড্রাই শ্যাম্পু পাওয়া যায়— স্প্রে, পাউডার এবং ফোম। স্প্রে ফর্ম: এতে সাধারণত অ্যালকোহল মিশ্রিত থাকে। ব্যবহার করার সময় চুল কয়েকটি ভাগে ভাগ করে কিছুটা দূর থেকে প্রতিটি সেকশনে এক-দু’বার স্প্রে করতে হয়। পাউডার ফর্ম: এটি আঙুল বা প্যাডের সাহায্যে হালকা করে স্ক্যাল্পে লাগাতে হয়।
স্প্রে বা পাউডার লাগানোর পর কয়েক মিনিট অপেক্ষা করতে হবে, যাতে স্টার্চ অতিরিক্ত তেল শোষণ করতে পারে। এরপর স্ক্যাল্পে হালকা মাসাজ করে চুল ভালোভাবে ব্রাশ করে নিতে হয়।
বিশেষ টিপস: স্টার্চের কারণে অনেক সময় চুলে সাদা ছোপ দেখা যায়। এই সমস্যা এড়াতে গাঢ় বাদামি বা কালো চুলে 'টিনটেড' (Tinted) ড্রাই শ্যাম্পু এবং হালকা বা গ্রে চুলের জন্য 'ট্রান্সলুসেন্ট' (Translucent) ড্রাই শ্যাম্পু বেছে নেওয়া ভালো। পানি বা দীর্ঘ সময়ের প্রয়োজন ছাড়াই চুল ঝরঝরে হয়ে ওঠে। যেকোনো সফরে বা জরুরি মুহূর্তে এটি চটজলদি ব্যবহারের জন্য সেরা। এটি চুলে বাড়তি টেক্সচার ও ভলিউম (ঘন ভাব) যোগ করে।
ঝুঁকি ও সীমাবদ্ধতা
ড্রাই শ্যাম্পুর নানা সুবিধা থাকলেও কসমেটিক সার্জন ডা. রেশমা বানু এর কিছু সীমাবদ্ধতা ও ঝুঁকির কথা মনে করিয়ে দিয়েছেন, সাধারণ শ্যাম্পুর বিকল্প নয়: ড্রাই শ্যাম্পু চুল ধুয়ে পরিষ্কার করে না, কেবল অতিরিক্ত তেলটুকু শুষে নেয়। তাই এটিকে জল ও সাধারণ শ্যাম্পুর বিকল্প ভাবা যাবে না। ত্বকের সমস্যা ও চুলকানি: অতিরিক্ত বা নিয়মিত ব্যবহারে স্ক্যাল্পে জ্বালাপোড়া ও চুলকানি হতে পারে। ফলিকিউলাইটিসের ঝুঁকি: চুলে রাসায়নিক উপাদান বা স্টার্চ জমে হেয়ার ফলিকল (রোমকূপ) বন্ধ হয়ে যেতে পারে, যা থেকে পরবর্তীতে ফলিকিউলাইটিস-এর মতো ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে।
জরুরি প্রয়োজনে সময় বাঁচাতে ড্রাই শ্যাম্পু নিঃসন্দেহে চমৎকার সমাধান, তবে মাথার ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত সাধারণ শ্যাম্পু ও জল দিয়েই চুল পরিষ্কার রাখা উচিত।