বৃষ্টির দিনে সুস্বাদু `কাতলা মাছের চচ্চড়ি'
বাঙালি মানেই মাছপ্রেমী। কালিয়া বা ঝোলের একঘেয়েমি কাটাতে এবার পাতে রাখতে পারেন 'হাতে মাখা কাতলা মাছের চচ্চড়ি'। কম সময়ে ও সহজ উপকরণে এটি তৈরি করা যায়।
উপকরণ: ছোট করে কাটা কাতলা মাছ: ৬-৭ টুকরো, মাছের তেল: ৫০ গ্রাম, মাঝারি পেঁয়াজ: ৩টি, রসুন: ১০ কোয়া, সর্ষের তেল: ২ টেবিলচামচ, হলুদগুঁড়ো: আধ চা-চামচ, মরিচগুঁড়ো: দেড় চা-চামচ, জিরেগুঁড়ো: ১ চা-চামচ, কাঁচা মরিচ: ৫টি, ধনেপাতাকুচি: ১ টেবিলচামচ, লবণ: স্বাদমতো।
প্রণালি
১. প্রথমে পেঁয়াজ ও রসুন মিক্সিতে আদাবাটা বা দানা দানা করে পিষে নিন।
২. একটি পাত্রে মাছ ও মাছের তেল নিন।
৩. এতে পেঁয়াজ-রসুন বাটা, সর্ষের তেল, হলুদ, লঙ্কা, জিরেগুঁড়ো ও নুন দিন।
৪. হাত দিয়ে সমস্ত উপকরণ ও মশলা মাছের সঙ্গে খুব ভালো করে মেখে নিন।
৫. এবার কড়াই গ্যাসে বসিয়ে মাঝারি আঁচে ৫ মিনিট কষান।
৬. মাছ যাতে ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখুন।
৭. মাখো মাখো ভাব আনতে অল্প জল দিয়ে কড়াই ঢাকা দিন।
৮. মিনিট পাঁচেক পর ঢাকনা খুলুন।
৯. ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা ও ধনেপাতাকুচি ছড়িয়ে ফের কিছুক্ষণ ঢাকা দিন।
রান্না শেষ হলে আঁচ বন্ধ করে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু কাতলা মাছের চচ্চড়ি।