ঘরেই তৈরি করুন সুস্বাদু প্রোটিন বার
ব্যস্ত জীবনে শরীরচর্চার পর দ্রুত এনার্জি পেতে বা কাজের ফাঁকে হালকা খিদে মেটাতে প্রোটিন বারের চাহিদা ব্যাপক। তবে বাজারে তৈরি প্রোটিন বারগুলোর চড়া দাম এবং তাতে থাকা কৃত্রিম প্রিজারভেটিভ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য সচেতন মানুষের চিন্তার কারণ। এই সমস্যার অত্যন্ত সহজ ও সাশ্রয়ী সমাধান রয়েছে আপনার নিজের রান্নাঘরেই। কোনো ধরনের বেকিং বা গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে ফেলা যায় পুষ্টিকর ও সুস্বাদু 'নো-বেক' প্রোটিন বার।
প্রিজারভেটিভমুক্ত: কোনো ধরনের কেমিক্যাল বা কৃত্রিম উপাদান ছাড়া তৈরি হওয়ায় এটি পুরোপুরি স্বাস্থ্যকর। অর্থ ও সময় সাশ্রয়ী এ খাবার বানাতে বাজারের দামি বারের তুলনায় খুবই কম খরচ পড়ে। কম সময়ে এটি তৈরি করাও সম্ভব। তৈরি করে ফ্রিজে রেখে অন্তত এক সপ্তাহ পর্যন্ত নিশ্চিন্তে খাওয়া যায়। শিশুদের টিফিন থেকে শুরু করে জিমপ্রেমী বা চাকরিজীবীদের স্ন্যাকস হিসেবে এটি আদর্শ।
প্রোটিন বার তৈরির সহজ পদ্ধতি
১. ওটস ও প্রোটিন পাউডার বার (ওয়ার্কআউট-পরবর্তী স্ন্যাকস) ।
উপকরণ: রোলড ওটস (১ কাপ), প্রোটিন পাউডার (১/২ কাপ), পিনাট বাটার, মধু, সামান্য সামুদ্রিক লবণ, প্রয়োজনমতো দুধ এবং ডার্ক চকোলেট সিরাপ।
প্রস্তুতপ্রণালি: একটি পাত্রে পিনাট বাটার ও মধু হালকা গরম করে গলিয়ে নিন। এর সাথে ওটস, প্রোটিন পাউডার, লবণ ও অল্প দুধ মিশিয়ে একটি ঘন ডো (Dough) তৈরি করুন।বেকিং ট্রে-তে পার্চমেন্ট পেপার বিছিয়ে মিশ্রণটি ১-২ ইঞ্চি পুরু করে চেপে বসিয়ে দিন। ওপরে ডার্ক চকোলেট সিরাপ ছড়িয়ে দিয়ে ১-২ ঘণ্টার জন্য ফ্রিজে রাখুন। মিশ্রণটি শক্ত হলে বের করে বারের আকারে কেটে নিন।
২. প্রাকৃতির উপাদানে তৈরি সিড ও নাট বার (সুপারফুড স্ন্যাকস)
উপকরণ: ওটস, পিনাট বাটার, চিয়া বা ফ্ল্যাক্স সিডস (১ টেবিলচামচ), কুচানো বাদাম, শুকনো নারকেল কোরা (১/২ কাপ) এবং ভ্যানিলা এক্সট্র্যাক্ট।
প্রস্তুতপ্রণালি: সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মেখে একটি মিশ্রণ তৈরি করুন। ট্রে-তে পেপার বিছিয়ে মিশ্রণটি সমানভাবে চেপে বসান। ফ্রিজে ১ ঘণ্টা রেখে সেট হতে দিন।শক্ত হয়ে এলে ফ্রিজ থেকে বের করে ছোট টুকরো করে কেটে পরিবেশন করুন।
খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন এনে বাজারজাত প্যাকেটজাত খাবারের ওপর নির্ভরতা কমানো সম্ভব। বাড়িতে তৈরি এই প্রোটিন বারগুলো যেমন নিশ্চিত করে সঠিক পুষ্টি গুণাগুণ, তেমনই নিশ্চিত করে ভেজালমুক্ত খাদ্যের স্বাদ।