প্রথম প্রেম কি আসলেই ভোলা যায়?
নচিকেতার সেই কালজয়ী গানের সুর, ‘সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা...’ শোনেনি বা অনুভূতির সঙ্গে মেলাতে পারেনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। প্রথমবার কারও বার্তার অপেক্ষায় রাত জাগা, মোবাইল স্ক্রিনে প্রিয় মানুষের নাম ভেসে উঠলেই অজান্তে হেসে ফেলা কিংবা তাকে দেখা মাত্রই বুক ঢিপঢিপ করে ওঠার সেই অনুভূতি—বয়সের ভারে বা জীবনের ব্যস্ততায় তীব্রতা কমলেও মন থেকে কখনো পুরোপুরি মুছে যায় না।
সম্পর্কের সমীকরণ বদলায়, নতুন মানুষ জীবনে আসে, তবুও জীবনের নির্জন মুহূর্তে মানুষ কেন ফিরে তাকায় তার প্রথম প্রেমের দিকে? মনোবিদ ও বিজ্ঞানীদের মতে, প্রথম প্রেম স্মৃতির কোষে অমলিন থাকার পেছনে সুনির্দিষ্ট কিছু মনস্তাত্ত্বিক কারণ রয়েছে।
১. মস্তিষ্কে নতুন অভিজ্ঞতার অভূতপূর্ব আলোড়ন
প্রেম বা রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে প্রথম অভিজ্ঞতা মস্তিষ্কে এক শক্তিশালী রাসায়নিক ও অনুভূতিগত তরঙ্গ তৈরি করে। শৈশব ও কৈশোরে মানুষের সম্পর্কের পরিধি প্রধানত পরিবার ও বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু প্রথমবার যখন কেউ রোমান্টিক সম্পর্কে জড়ায়, তখন মস্তিষ্ক সম্পূর্ণ অপরিচিত এক অনুভূতির মুখোমুখি হয়।
প্রথমবার কারও বিশেষ মানুষ হওয়ার আনন্দ কিংবা প্রথম প্রেম ভাঙার তীব্র কষ্ট—যেহেতু মস্তিষ্ক এর আগে কখনো এমন অনুভূতির সম্মুখীন হয়নি, তাই এই প্রাথমিক অভিজ্ঞতার প্রভাব মস্তিষ্কের স্মৃতিকোষে সারাজীবনের জন্য গভীরভাবে গেঁথে যায়।
২. ‘হারানো সময়’ ও নিষ্পাপ আত্মসত্তাকে খোঁজা
অনেক সময় মানুষ কেবল তার প্রথম প্রেমকে মিস করে না, বরং মিস করে সেই সময়ের ‘নিজেকে’। প্রথম প্রেমের সময় বেশিরভাগ মানুষই জীবনের জটিলতা, ক্যারিয়ারের চাপ বা বাস্তবতার কঠিন নিয়ম থেকে দূরে থাকে। সেই বয়সে মন থাকে আশাবাদী, মুক্ত ও আবেগপ্রবণ।
বছরের পর বছর পার করে সেই পুরোনো স্মৃতির দিকে ফিরে তাকানোর অর্থ হলো নিজের হারিয়ে যাওয়া সেই সরল, নির্ভার ও নিষ্পাপ দিনগুলোকে আরেকবার অনুভূতির মাধ্যমে ছুঁয়ে দেখা।
৩. ‘প্রথমবার’-এর প্রতি মস্তিষ্কের বিশেষ গুরুত্ব
মনস্তত্ত্ব অনুযায়ী, মানব মস্তিষ্ক যেকোনো বিষয়ের ‘প্রথম অভিজ্ঞতা’কে অত্যন্ত অগ্রাধিকার দিয়ে সংরক্ষণ করে। প্রথম দেখা করা, প্রথম উপহার দেওয়া-নেওয়া, একসঙ্গে তোলা প্রথম ছবি কিংবা প্রথম ঝগড়া—এসব স্মৃতি মস্তিষ্কে একটি নতুন মানচিত্র তৈরি করে। ফলে বহু বছর পরেও কোনো পুরোনো গান, বিশেষ কোনো সুবাস বা পরিচিত রাস্তা নিমেষেই মানুষকে সেই স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে পারে।
৪. আত্মপরিচয় ও রূপান্তরের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ
বেশিরভাগ মানুষের জীবনে প্রথম প্রেম আসে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের বয়সে—যে সময়টিতে একজন মানুষের নিজস্ব পরিচিতি, চিন্তা ও স্বপ্ন গড়ে ওঠে। ব্যক্তিত্ব রূপান্তরের এই গুরুত্বপূর্ণ বয়সে যিনি পাশে থাকেন, তার নামটি জীবনের সেই বিশেষ অধ্যায়ের সঙ্গে চিরদিনের জন্য জড়িয়ে যায়। পরিণতি পাক বা না পাক, নিজের গড়ে ওঠার দিনগুলোর সঙ্গে যুক্ত থাকায় তাকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব হয় না।
প্রথম প্রেম হয়তো অনেকের জীবনে পূর্ণতা পায় না, জীবনের স্বাভাবিক নিয়মে মানুষ এগিয়ে যায় নতুন গন্তব্যে। তবুও স্মৃতির আঙিনায় প্রথম প্রেমের এই থেকে যাওয়া কোনো আক্ষেপ নয়, বরং তা মানুষের আবেগীয় বিকাশের এক সুন্দর দলিল।