‘স্বাস্থ্যবান ত্বক’ মানে কী?
ভারী মেকআপের প্রলেপে মুখের খুঁত ঢেকে ফেলার দিন এখন অতীত। সৌন্দর্যের প্রচলিত ধারণাকে বদলে দিয়ে নতুন প্রজন্ম বা 'জেন জি' (Gen Z) এখন ঝুঁকছে স্বাভাবিক ও স্বাস্থ্যবান ত্বকের দিকে। রূপচর্চার দুনিয়ায় কৃত্রিম সাজগোজকে পেছনে ফেলে শীর্ষ জায়গা দখল করে নিয়েছে ত্বকের সঠিক যত্ন এবং স্বাস্থ্যকর জীবনযাপন।
মেকআপের জায়গায় ত্বকচর্চার প্রাধান্য
নতুন প্রজন্মের কাছে মেকআপ এখন গৌণ, মুখ্য হয়ে উঠেছে স্কিনকেয়ার বা ত্বকের পরিচর্যা। বাজারজাত পণ্যই হোক বা ঘরোয়া টোটকা—তাদের মূল বিশ্বাস হলো, ত্বক যদি ভেতর থেকে সতেজ ও সুস্থ থাকে, তবে আলাদা করে ভারী প্রসাধনীর প্রয়োজন পড়ে না। প্রসাধনী দিয়ে ত্রুটি ঢাকার চেয়ে ত্বককে স্বাভাবিকভাবে উজ্জ্বল করে তোলাই এখন তাদের প্রধান লক্ষ্য।
ভিতর থেকে সুস্বাস্থ্য ও সচেতনতা : ত্বকের সৌন্দর্য যে কেবল বাইরের প্রসাধনীতে সীমিত নয়, তা ভালোভাবেই উপলব্ধি করছে তরুণ সমাজ। সুস্থ ত্বকের জন্য তারা মূলত গুরুত্ব দিচ্ছে, সঠিক খাদ্যাভ্যাস-খাদ তালিকায় পর্যাপ্ত ফলমূল, শাকসবজি, প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট রেখে ত্বককে ভেতর থেকে পুষ্ট করা। সুশৃঙ্খল জীবনযাপন-নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং শরীরে জলের ভারসাম্য বজায় রাখা। সচেতনতা ও বিজ্ঞাননির্ভরতা জরুরি। প্রসাধনী কেনার আগে উপাদান পরখ করে নেওয়া, ক্ষতিকর রাসায়নিক এড়িয়ে চলা এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা নিশ্চিত করা।
সোশ্যাল মিডিয়া ও ‘নো ফিল্টার’ ট্রেন্ড : সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ইনস্টাগ্রাম এবং স্মার্টফোনের স্পষ্ট ক্যামেরার কারণে কৃত্রিমভাবে ‘পারফেক্ট’ বা নিখুঁত দেখানোর মানসিক চাপ অনেকটাই কমেছে। ত্বকের দাগছোপ বা ব্রণ লুকিয়ে না রেখে নিজের প্রকৃত চেহারাকে আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করছে নতুন প্রজন্ম। ফলে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে #NoFilter কিংবা #NoMakeup-এর মতো হ্যাশট্যাগ।
বাজারে ‘হাইব্রিড বিউটি’ পণ্যের সমাহার : নতুন প্রজন্মের এই চাহিদার সঙ্গে তাল মেলাতে প্রসাধনী শিল্পেও এসেছে বড় পরিবর্তন। ভারী ফাউন্ডেশনের বদলে বাজারে এখন জনপ্রিয় হয়ে উঠছে 'স্কিনকেয়ার-ইনফিউজড' বা হাইব্রিড মেকআপ। যেমন—হাইড্রেটিং ফাউন্ডেশন, পুষ্টিকর প্রাইমার বা এসপিএফ (SPF) যুক্ত প্রসাধনী। এর ফলে ত্বকের স্বাস্থ্য রক্ষা পাওয়ার পাশাপাশি তরুণ-তরুণীদের পছন্দের 'নো মেকআপ লুক' বা 'শিশিরভেজা তরতাজা রূপ' সহজেই ফুটে উঠছে।