ডায়েট এক হলেও পুরুষদের ওজন দ্রুত কমে কেন?
একই ছাদের নিচে বসবাস করে স্বামী-স্ত্রী যখন হুবহু এক ডায়েট চার্ট মেনে চলেন এবং জিম বা বাড়িতে সমান পরিশ্রমে কসরত করেন, তখনও দেখা যায় স্ত্রীর তুলনায় স্বামীর ওজন বেশ দ্রুত কমছে। ওজন কমানোর লড়াইয়ে এটি অত্যন্ত পরিচিত এবং সাধারণ একটি চিত্র। এই পরিস্থিতিতে নারীদের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক এবং অনেকেই কিছুটা হতাশ হয়ে পড়েন। তবে পুষ্টিবিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান বলছে, এর পেছনে কোনো জাদুকরী বিষয় নেই, বরং রয়েছে পুরোপুরি বৈজ্ঞানিক ও শারীরিক কিছু কারণ। ওজন কমানোর শুরুর দিকে পুরুষদের ওজন সত্যিই কিছুটা দ্রুত কমে, তবে এটি নিয়ে নারীদের মন খারাপ করার কোনো কারণ নেই।
পুরুষদের ওজন দ্রুত কমার প্রধান কারণসমূহ : পুরুষদের শরীরের গঠনগত কিছু প্রাকৃতিক সুবিধা রয়েছে, যা তাদের মেদ ঝরাতে বাড়তি সাহায্য করে-অধিক পেশির ভর (Muscle Mass): পুরুষদের শরীরে প্রাকৃতিকভাবেই পেশির পরিমাণ নারীদের চেয়ে বেশি থাকে। যেহেতু ফ্যাটের তুলনায় পেশি সচল রাখতে শরীরকে বেশি শক্তি ব্যয় করতে হয়, তাই তারা মেটাবলিজমের দিক থেকে বাড়তি সুবিধা পান। উচ্চ বিপাক হার (Metabolic Rate): পেশির ভর বেশি থাকার কারণে পুরুষদের মেটাবলিক রেট অনেক বেশি হয়। এর ফলে তারা কোনো কঠিন কায়িক পরিশ্রম ছাড়াই, এমনকি স্রেফ বিশ্রামে থাকা অবস্থাতেও নারীদের চেয়ে প্রাকৃতিকভাবেই বেশি ক্যালোরি পুড়িয়ে ফেলতে পারেন।
নারীদের ওজন কমানো কেন কিছুটা চ্যালেঞ্জিং? : নারীদের শরীরের গঠন, হরমোনের প্রভাব এবং চর্বির বিন্যাস ওজন কমানোর প্রক্রিয়াকে কিছুটা ধীরগতির করে দেয়- স্ট্রোজেন হরমোনের ভূমিকা: এস্ট্রোজেন হরমোনের প্রভাবেই মূলত নারীদের নিতম্ব এবং উরুতে চর্বি বেশি জমে। আর শরীরের এই নির্দিষ্ট অংশগুলোর ফ্যাট বা চর্বি গলানো বেশ সময়সাপেক্ষ বিষয়। হরমোনের ওঠানামা ও শারীরিক চক্র: বয়স ও সময়ের সঙ্গে সঙ্গে একজন নারীর শরীরে নানা রকম হরমোনের পরিবর্তন ঘটে, যা ওজনের ওপর সরাসরি প্রভাব ফেলে। যেমন— পিরিয়ডের দিনগুলোতে পেট ফাঁপার সমস্যা দেখা দেয় এবং 'ওয়াটার রিটেনশন' বা শরীরে পানি জমার কারণে সাময়িকভাবে ওজন কিছুটা বেড়ে যায়। মেনোপজ ও মেটাবলিক সমস্যা: মেনোপজ বা রজঃনিবৃত্তির সময়ে নারীদের মেটাবলিজম প্রাকৃতিকভাবেই ধীর হয়ে যায় এবং শরীরে চর্বি জমার প্রবণতা বাড়ে। এছাড়া পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম (PCOS)-এর মতো মেটাবলিক সমস্যা থাকলে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা দেয়, যার জেরে ওজন কমানো কঠিন হয়ে পড়ে।
ওজন কমানোর যাত্রায় যা মাথায় রাখবেন : প্রত্যেক মানুষের শারীরিক গঠন, জেনেটিক্স, বয়স, হরমোনের ওঠানামা এবং শারীরিক সমস্যা সমান নয়। তাই একই ডায়েট ও ব্যায়াম করলেও সবার সমান ভাবে ওজন কমবে না। ওজন কমানোর ক্ষেত্রে শুধু খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণই শেষ কথা নয়; এর পাশাপাশি দৈনিক পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ বা স্ট্রেস নিয়ন্ত্রণ এবং সামগ্রিক স্বাস্থ্যকর লাইফস্টাইলের ওপর সমান জোর দিতে হবে।
এটা বলা যায়, শুরুর দিকে পুরুষরা মেটাবলিজমের কারণে কিছুটা বাড়তি সুবিধা পেলেও, ধৈর্য ধরে সঠিক নিয়মে চেষ্টা চালিয়ে গেলে নারীরাও সুস্থ উপায়ে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে সফলভাবে পৌঁছাতে পারেন।