৪ দিনেই ১০০ কোটি রুপি পার: বক্স অফিসে ঝড় তুলেছে বিজয়

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০২:৩৫ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৬:৪৫ পিএম
Main News Image

তামিল সুপারস্টার থালাপথি বিজয়। ছবি: সংগৃহীত

তামিল সুপারস্টার থালাপথি বিজয়ের সম্ভাব্য শেষ সিনেমাটি প্রথম চার দিনেই ভারতে ১০০ কোটি ও বিশ্বজুড়ে ২০০ কোটি রুপির কাছাকাছি আয় করে নতুন রেকর্ড গড়েছে।

দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপাতি বিজয়ের সিনেমা মানেই বক্স অফিসে নতুন রেকর্ডের খেলা। দীর্ঘদিনের গুঞ্জন সত্য করে রাজনীতির মাঠে নামার আগে রূপালী পর্দায় নিজের শেষ ছবি নিয়ে হাজির হয়েছেন এই অভিনেতা। আর বিজয়ের সম্ভাব্য শেষ সিনেমা ‘জন নায়গন’ মুক্তির পর থেকেই বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে।

বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে শুভমুক্তির পর ছুটির দিন রোববার (মুক্তির চতুর্থ দিন) পর্যন্ত কেবল ভারতেই ছবিটির আয় ১০০ কোটি রুপির গণ্ডি পার করেছে। বিশ্বজুড়ে এর মোট আয় ২০০ কোটি রুপির ঘর ছুঁইছুঁই।

৪ দিনের আয় ও পরিসংখ্যান : চিত্রপটাঙ্গন সূত্রে জানা গেছে, মুক্তির প্রথম দিন বৃহস্পতিবার ভারতে ছবিটি আয় করে ৪২.৭০ কোটি রুপি। দ্বিতীয় ও তৃতীয় দিনে (শুক্রবার ও শনিবার) আয় ছিল যথাক্রমে ২১.১৫ কোটি ও ২৮.৫০ কোটি রুপি। অর্থাৎ, প্রথম ৩ দিনেই ভারতের বাজার থেকে ৭৪.৪৪ কোটি রুপি নেট (গ্রস ৮৭.৫০ কোটি) সংগ্রহ করে এটি।

একই সময়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস কালেকশন দাঁড়ায় ১৭১.৮৪ কোটি রুপি। এরপর ছুটির দিন রোববারেও (চতুর্থ দিন) প্রেক্ষাগৃহগুলোতে ছিল দর্শকদের রেকর্ড উপস্থিতি। রোববারের প্রাথমিক হিসাব অনুযায়ী, সারা দেশে আরও ৩১.৯৭ কোটি রুপি যোগ হওয়ায় ছবিটির নেট আয় ১০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।

প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় : তামিলনাড়ুসহ দক্ষিণ ভারতের প্রধান শহরগুলোতে সিনেমাটিকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। রোববার সকালের শোগুলিতে দর্শক উপস্থিতি ৪২ শতাংশের বেশি থাকলেও রাত বাড়ার সাথে সাথে তা বেড়ে প্রায় ৭৫ শতাংশে পৌঁছায়। বিশেষ করে চেন্নাই ও বেঙ্গালুরুর বড় বড় প্রেক্ষাগৃহগুলোতে অধিকাংশ শো-ই ছিল একদম হাউসফুল।

ছবিটির ইতিবাচক সাড়া নিয়ে পরিচালক এইচ বিনোথ বলেন, “বিজয় স্যারের যেকোনো ছবি মুক্তির প্রথম সপ্তাহে নানা ধরনের সমালোচনা ও আলোচনা হয়। তবে সব বিতর্ক ছাপিয়ে দিনশেষে সেই ছবিই বক্স অফিসে বছরের সবচেয়ে বড় হিট হিসেবে আত্মপ্রকাশ করে।”

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তামিল সিনেমা ইন্ডাষ্ট্রিতে রাজত্ব করা বিজয়ের এই বিদায়ী উপহার দর্শকরা কীভাবে গ্রহণ করছেন, তা বক্স অফিসের এই ব্যবসাই প্রমাণ করে দিচ্ছে। রাজনৈতিক ক্যারিয়ারে নতুন ইনিংস শুরু করার আগে বিজয়ের এই সাফল্য তাঁর তারকাখ্যাতি ও একচ্ছত্র জনপ্রিয়তারই প্রতিফলন।