শিক্ষার্থীদের ঐতিহাসিক জয়ে উল্লসিত বলিউড

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৮:৫৯ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৩:৫৭ এএম
Main News Image

মাসব্যাপী চলা নিট (NEET) আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার আন্দোলনকারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের তৃতীয় দফা বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের ইস্তফাপত্র পাঠান তিনি। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবিই ছিল শিক্ষামন্ত্রীর অপসারণ।

শনিবার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ধর্মেন্দ্র প্রধান নিজেই তার পদত্যাগের বিষয় নিশ্চিত করার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন বলিউড তারকা ও বিনোদন জগতের ব্যক্তিত্বরা। প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে বীর দাস, সোনাক্ষী সিনহাদের মতো একাধিক হেভিওয়েট তারকা তরুণ আন্দোলনের এই জয়কে স্বাগত জানিয়েছেন।

শিক্ষার্থীদের জয়ে তারকাদের প্রতিক্রিয়া

প্রিয়াঙ্কা চোপড়া ও মালাইকা অরোরা: আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মালাইকা অরোরা সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করে পড়ুয়াদের অভিনন্দন জানান। এছাড়া ডায়ানা পিন্টি, শিবানী আখতার ও টিসকা চোপড়ার মতো তারকারাও শিক্ষার্থীদের এই জয়কে স্বাগত জানান। 

কৌতুকশিল্পী ও অভিনেতা বীর দাস জাতীয় পতাকার ছবি ও হাতজোর করার ইমোজি দিয়ে লেখেন, "স্কুলে পড়া সেই বইয়ের একটি কথা যা আমরা সবাই ভুলে গিয়েছিলাম, তোমরাই তা আবার ফিরিয়ে আনলে। অসাধারণ কাজ করেছ তোমরা। এখান থেকে যা-ই ঘটুক না কেন, তোমরাই বিজয়ী।"

অভিনেত্রী সোনাক্ষী সিনহা হাততালির ইমোজি দিয়ে খবরটি শেয়ার করার পাশাপাশি 'ককরোচ জনতা পার্টি'-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের প্রতিক্রিয়া ভিডিও পোস্ট করে বিস্ময় প্রকাশ করে লেখেন, "ভাই! এটা কী করে দেখালে?!"

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী প্রাজক্তা কোহলি (মোস্টলি সেইন) সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লেখেন, "অনেক বড় একটা জয়!"

কিছুটা হালকা মেজাজে অভিনেতা বিজয় বর্মা বিদায়ী শিক্ষামন্ত্রীর ছবির সাথে 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবির বিখ্যাত গান উদ্ধৃত করে লেখেন, "আচ্ছা চলতা হুঁ.. দুআওঁ মে ইয়াদ রাখা।"

যুবশক্তির বার্তা : NEET আন্দোলন শুরুর প্রথম দিন থেকেই বলিউডের তারকারা সামাজিক মাধ্যমে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে সাহস জুগিয়েছিলেন। দিল্লির রাজপথে শুরু হওয়া শিক্ষার্থীদের এই লড়াই শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত বদলাতে বাধ্য করল। তরুণ প্রজন্মের এই জয় শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, বরং যুবশক্তির ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকল।