‘থ্রি ইডিয়টস’-এর পুনরায় মুক্তির গুঞ্জন! সত্যিটা কী?

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৪:৪০ পিএম
আপডেট: ০৪ আগস্ট ২০২৬, ০৬:০০ পিএম
Main News Image

বিনোদন জগতে খবরের অন্ত নেই! সম্প্রতি টিনসেল টাউনে তোলপাড় ফেলে দিয়েছিল একটি খবর—দীর্ঘ ১৭ বছর পর নাকি আবারও প্রেক্ষাগৃহে ফিরছে বিধু বিনোদ চোপড়ার কালজয়ী ছবি ‘থ্রি ইডিয়টস’। কিন্তু থিয়েটারে গিয়ে র‍্যাঞ্চো, ফারহান আর রাজুদের কাণ্ডকারখানা নতুন করে দেখার জন্য যারা উদগ্রীব হয়েছিলেন, তাদের জন্য রইল হতাশাজনক খবর। পুনরায় মুক্তির এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো।

কী রটেছিল?: সম্প্রতি লাদাখে সিজেপি আন্দোলন এবং সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশন নিয়ে দেশজুড়ে জোর চর্চা চলছে। উল্লেখ্য, ‘থ্রি ইডিয়টস’ ছবির বিখ্যাত ‘ফুনসুক ওয়াংডু’ চরিত্রটি সোনম ওয়াংচুকের জীবন থেকেই অনুপ্রাণিত। এই প্রেক্ষাপটেই হঠাৎ রটে যায় যে, শিক্ষক দিবসের ঠিক প্রাক্কালে অর্থাৎ ৪ সেপ্টেম্বর আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আমির খান, আর মাধবন ও শরমন জোশী অভিনীত এই আইকনিক ছবিটি।

প্রযোজক সংস্থার সাফাই : জল্পনা তুঙ্গে উঠতেই বিষয়টি নিয়ে মুখ খুলেছে প্রযোজনা সংস্থা। সমস্ত রটনায় জল ঢেলে ‘বিধু বিনোদ চোপড়া ফিল্মস’-এর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, "একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে যে 'থ্রি ইডিয়টস' আবারও ৪ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। এই বিষয়ে বিধু বিনোদ চোপড়া ফিল্মস জানাচ্ছে যে, এই রিপোর্টগুলো সম্পূর্ণ ভুয়ো ও সত্যবিবর্জিত।"

সুতরাং, ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে ‘থ্রি ইডিয়টস’ ফেরার যে খবর ঘুরে বেড়াচ্ছিল, তা স্রেফ একটি রটনা মাত্র। ছবিটির ভক্তদের বড়পর্দায় র‍্যাঞ্চো-মহল দেখার জন্য আপাতত আরও অপেক্ষা করতে হবে।