শাহরুখ খানই ‘শেষ সুপারস্টার’?
শাহরুখ খান। ছবি: সংগৃহীত
অভিনেতা অনুপম খের সঞ্চালিত অনুষ্ঠানে বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান মন্তব্য করেছিলেন, ‘আমি এমনিতে খুবই বিনয়ী, তবে সত্যি কথা বলতে আমিই শেষ সুপারস্টার।’ তার এই মন্তব্য নিয়ে বিনোদন জগতে বহু তর্ক ও বিতর্ক হয়েছে। এবার সেই একই প্রসঙ্গে মুখ খুলে নিজের ভিন্নমত প্রকাশ করলেন প্রবীণ অভিনেতা অন্নু কাপুর। শাহরুখের আকাশচুম্বী জনপ্রিয়তা মেনে নিলেও তাকে ‘শেষ সুপারস্টার’ তকমা দিতে নারাজ তিনি।
রাজেশ খান্নার উদাহরণ ও প্রাসঙ্গিকতার প্রশ্ন : সম্প্রতি একটি সাক্ষাৎকারে অন্নু কাপুর জানান, ইন্ডাস্ট্রিতে নিজেকে ‘শেষ সুপারস্টার’ মনে করার এই প্রবণতা নতুন কিছু নয়। এর আগে অভিনেতা রাজেশ খান্নাও নিজেকে শেষ সুপারস্টার ভাবতেন। কিন্তু সেই সময়েও লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে কিংবা অমিতাভ বচ্চনের মতো কিংবদন্তিরা ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে সফলভাবে কাজ করে গিয়েছেন।
অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা : শাহরুখ খানের কেরিয়ারের স্থায়িত্ব নিয়ে কথা বলতে গিয়ে অন্নু কাপুর অমিতাভ বচ্চনের উদাহরণ টেনে আনেন। তিনি উল্লেখ করেন- অমিতাভ বচ্চন দীর্ঘ ৫৩ বছর ধরে ইন্ডাস্ট্রিতে একইভাবে সক্রিয় ও প্রাসঙ্গিক। শাহরুখ খানের কেরিয়ারের বয়স প্রায় ৩৪ বছর।
এই দীর্ঘমেয়াদী সফলতার প্রসঙ্গ তুলে অন্নু কাপুর প্রশ্ন তোলেন, শাহরুখও কি অমিতাভ বচ্চনের মতো দীর্ঘ সময় নিজের প্রভাব ধরে রাখতে পারবেন? ২০৪৫ সাল পর্যন্ত শাহরুখ একই রকম জনপ্রিয় থাকেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
প্রশংসাও অন্নু কাপুরের মুখে : শাহরুখকে ‘শেষ সুপারস্টার’ মানতে আপত্তি থাকলেও, তার অর্জনের প্রশংসা করতে ভোলেননি অন্নু কাপুর। তিনি স্পষ্ট জানান যে তিনি নিজেও শাহরুখের অন্যতম বড় ভক্ত। পাশাপাশি শাহরুখকে বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেতা হিসেবে উল্লেখ করে তার সাফল্যের প্রতি যথাযথ সম্মান জানান এই প্রবীণ তারকা।