টলিপাড়া ছেড়ে বলিউডে রুক্মিণী, অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধার গুঞ্জন

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম
Main News Image

রুক্মিণী মৈত্র ও অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই বাংলা সিনেমার বড়পর্দা থেকে দূরে রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। গত বছর মুক্তি পাওয়া ‘হাঁটি হাঁটি পা পা’ ছিল বাংলা ছবিতে তাঁর সর্বশেষ কাজ। এরপর নতুন কোনো বাংলা সিনেমায় দেখা যায়নি তাঁকে। তবে এবার হিন্দি ছবিতে তাঁর নতুন কাজ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।

নায়িকার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বলিউড তারকা অক্ষয় কুমারের আসন্ন সিনেমা ‘সমুক’-এ অভিনয়ের প্রস্তাব পেয়েছেন রুক্মিণী। ছবিতে তাঁর চরিত্রটি কেমন হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। এমনকি সিনেমাটির নির্মাতাদের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

খবরটি সত্যি হলে দীর্ঘ বিরতির পর বড়পর্দায় রুক্মিণীর প্রত্যাবর্তন হবে হিন্দি সিনেমার মাধ্যমে। এ বিষয়ে নিশ্চিত হতে রুক্মিণীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে, বাংলা সিনেমায় অনুপস্থিত থাকলেও সম্প্রতি দেব অভিনীত ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ সিনেমার কাজ শেষ করেছেন রুক্মিণী। তবে বর্তমানে টলিপাড়ার চেয়ে মুম্বইয়েই বেশি সময় কাটাচ্ছেন তিনি। এমনকি সেখানে পাকাপাকিভাবে থাকার পরিকল্পনাও করছেন বলে গুঞ্জন রয়েছে।

এর আগে হিন্দি সিনেমায় অভিনয় করেছেন রুক্মিণী। বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে জুটি বেঁধে তাঁকে পর্দায় দেখা গেছে। এবার অক্ষয় কুমারের সঙ্গে তাঁর জুটি হওয়ার সম্ভাবনার খবর প্রকাশ্যে আসায় ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

অন্যদিকে, রুক্মিণীর অনুপস্থিতির মধ্যেই টলিপাড়ায় ব্যস্ত সময় পার করছেন তাঁর ‘বিশেষ বন্ধু’ দেব। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নিজের নতুন সিনেমার প্রচারণায় ব্যস্ত রয়েছেন তিনি। সব মিলিয়ে রুক্মিণীর মুম্বই অবস্থান ও নতুন কাজ নিয়ে জল্পনা আরও বেড়েছে।

এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।